চ্যাপেলের ই-মেইলের গোপনীয়তা ভেঙ্গেছেন ডালমিয়া: দুঙ্গারপুর
ভারতীয় ক্রিকেটে ই-মেইল নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তাকে আরও উস্কে দিলেন বিসিসিআই-এর সাবেক সভাপতি রাজ সিং দুঙ্গারপুর।
কোচ গ্রেগ চ্যাপেলের বিতর্কিত ই-মেইল মিডিয়াতে প্রকাশ হওয়ার জন্য সোমবার তিনি জগমোহন ডালমিয়াকে অভিযুক্ত করেন।
সিং বলেন, প্রেসিডেন্টকে পাঠানো ভারতীয় কোচের গোপনীয় ই-মেইল বার্তাটি ডালমিয়াই প্রকাশ করে দিয়েছেন বলে আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি। কোচ ই-মেইল বার্তাটি শুধু বোর্ডের সভাপতি বা সচিবকেই পাঠাননি, সিলেকশন কমিটির চেয়ারম্যান ও অন্যান্যদের মধ্যে জগমোহন ডালমিয়াকেও পাঠিয়েছিলেন।
চেন্নাইয়ে ডালমিয়া এ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, প্রথমত আমি এ ব্যাপারে কিছুই জানিনা। দ্বিতীয়ত, এ ব্যাপারে কিছু জেনে থাকলেও এ মুহূর্তে কোন উত্তর দেবো না।
