সুপার টেস্টে বিশ্ব একাদশ থেকে নিজেকে সরিয়ে নিলেন ইনজামাম
পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল হক আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার সিরিজে আইসিসি বিশ্ব একাদশ থেকে নিজেকে সারিয়ে নিয়েছেন।
ইনজামাম সাংবাদিকদের জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, বিশ্ব একাদশের পক্ষে একদিনের ও টেস্ট ম্যাচ উভয় দলেই আমি থাকছি। কিন্ত নির্বাচকরা সোমবার পর্যন্ত এ ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। আমাকে দলে রাখার ব্যাপারটি আমি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি।
আইসিসি শুক্রবার ঘোষণা দিয়ে জানায়, সিডনিতে ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সুপার টেস্টে শচীন তেন্ডুলকারের জায়গায় ইনজামামকে নির্বাচিত করা হয়েছে। এর দু’দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ইনজামামকে একদিনের ম্যাচ ও টেস্ট উভয় দলের জন্য রাখা হয়েছে।
আইসিসি ৫, ৭ ও ৯ অক্টোবর একদিনের ম্যাচের জন্য শচীন তেন্ডুলকার ও হার্শেল গিবসের জায়গায় ক্রিস গেইল এবং রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করেছে।
ইনজামাম বিরক্তের সাথে বলেন, যা ঘটছে তাতে আমি খুবই বিচলিত। সম্মান ও মর্যাদার খেলা ক্রিকেট। আমার ক্যারিয়ারের শেষের দিকে এসে এধরণের অমর্যাদাজনক আচরণ আমি আশা করিনি। আমি আমার সিদ্বান্ত ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রয়োজন বোধ করিনা। কারণ তারা এখনও আমাকে নির্বাচনের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেনি।
