কোন অর্জন ছাড়াই ফিরেছি : বাশার
‘অনেক স্বপ্ন নিয়ে শ্রীলংকা সফরে গিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে কি নতুন পেসার সৈয়দ রাসেল আর শাহাদত রাজীব ছাড়া এই সিরিজে আমাদের প্রাপ্তির খাতা শুন্য।’ বিমানবন্দরে নেমে অধিনায়ক বাশারের প্রথম কথাতেই ফুটে ওঠে হতাশা।
শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে আর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সোমবার কোচ ডেভ হোয়াটমোরকে ছাড়াই দেশে ফিরেছে। শ্রীলংকায় সপ্তাহখানেক পরিবারের সাথে সময় কাটিয়ে দেশে ফিরবেন হোয়াটমোর।
এতদিন বিমানবন্দরে জাতীয় দলকে সংবর্ধনা জানানোর ব্যাপারটি বেশ ঢাক ঢোল পিটিয়েই পালন করা হতো। কিন্তু এবারই দেখা গেল ব্যতিক্রম। সোমবার বিমানবন্দরে বোর্ডের কোন কর্মকর্তা কিংবা মন্ত্রীর দেখা পাওয়া যায়নি। ক্রিকেটারদের মাথা ছিল নীচু। কারণ মাথা উঁচু করার মত তো কিছু হয়নি। অধিনায়ক বাশারের বক্তব্যেই বোঝা যায়, হতাশা কতটা গেড়ে বসেছে ক্রিকেটারদের মনে।
বিমান বন্দরেই বাশার দলের ব্যর্থতার পোস্টমর্টেম করলেন সাংবাদিকদের সামনে। তিনি জানান, ইনজুরি আক্রান্ত দলের দুই প্রধান বোলার মাশরাফি আর তাপসকে দেশে ফেরত পাঠানোয় দল প্রথম ধাক্কা খায়। তারপরও সম্পূর্ণ আনকোড়া পেসার সৈয়দ রাসেল আর শাহাদত রাজীব দু’জনের অভাবটা বুঝতে দেননি।
বাশার বলেন, বোলাররা দুর্দান্ত বোলিং করে একদিনেই শ্রীলংকার নয় উইকেট তুলে নিলেও আমরা ৪৫০ রানের পাহাড়ে চাপা পড়ি। আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং প্রতিটা বিভাগেই ব্যর্থ হয়েছি।
ব্যাটসম্যানদের ব্যর্থতার অধিনায়ক তাদের একই ভুল বারবার করাকে দায়ী করেন। শ্রীলংকায় ভিডিও ফুটেজে ব্যাটসম্যানদের দুর্বলতাগুলোকে বারবার তুলে ধরার পরও ব্যাটসম্যানরা ভুলের পুনরাবৃত্তিই করেছে।
প্রতিপক্ষের স্পিনার মুত্তিয়া মুরলিধরন আর ফাস্ট বোলার চামিন্দা ভাসের দিকেই সবার দৃষ্টি ছিল। কিন্তু এই সুযোগে রঙ্গনা হেরাথ আর দিলহারা ফার্নান্ডোই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান।
ঘরোয়া ক্রিকেটে লম্বা ইনিংস খেলার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন অধিনায়ক বাশার। পরবর্তী আন্তর্জাতিক সিরিজের আগে চার মাস ঘরোয়া ক্রিকেটে খেলা সুযোগ পাবে জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলংকা সফরে যেসব সমস্যার মুখোমুখি হয় দল, ঘরোয়া ক্রিকেটেই সেসব শুধরে নিতে হবে বলে জানান বাশার।
শ্রীলংকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজে হারের পর সতীর্থদের সাথে দীর্ঘ আলোচনা করে অধিনায়ক দেশের কর্পোরেট, জাতীয় এবং ঢাকা লিগে তাদের ব্যক্তিগত লক্ষ্য নির্ধারন করে দিয়েছেন।
ক্রিকেটারদের মানসিকতা শোধরানোর জন্য প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের সহযোগিতা নেয়া উচিত বলে মন্তব্য করেন হাবিবুল বাশার।
এক প্রশ্নের জবাবে বাশার বলেন, দলের ব্যর্থতার দায়ভার খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সমানভাবে ভাগ করে নেয়া উচিত।
