চ্যাপেল মুম্বাই ফিরে এসেছেন
ভারতীয় দলের ক্রিকেট কোচ গ্রেগ চ্যাপেল রোববার সকালে মুম্বাই ফিরে এসেছেন।
ভারতীয় দলের উন্নয়নের জন্য বিসিসিআই সভাপতিকে তিনি যে ই-মেইল পাঠিয়েছিলেন তা প্রকাশিত হয়ে যাওয়ায় তিনি স্পষ্টতই হতাশ।
চ্যাপেল বলেন, “কিছু ঘটনা ঘটেছে। তবে এমন কিছু ঘটেনি যা সময় নিয়ে আলোচনা করতে হবে। অনেকে হয়তো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা নিয়ে বেশ উদ্বিগ্ন ও কৌতুহলী হয়ে পড়েছেন। তবে ক্রিকেটে এসব ঘটনা খুবই স্বাভাবিক এবং মামুলি। সময়েই সব ঠিক হয়ে যাবে।”
জিম্বাবুয়ে ত্যাগ করার আগে ভারতীয় কোচ পরিস্কারভাবেই জানিয়ে দেন যে, দল তার পূর্ণ শক্তিকে স্বার্থকভাবে কাজে লাগাতে পারছে না। তবে এ সফরে কিছু পজিটিভ দিক পাওয়া গেছে। যেমন, ইরফান পাঠান একদিনের এবং টেস্ট ক্রিকেট দুটিতেই সাফল্য পেয়েছেন। ইরফান হয়তো সর্বাঙ্গীন দ্রুততম বোলার নন কিন্ত তার বলে চমৎকার স্যুইং হয় এবং সে সঠিক দূরত্ব ও লাইন ঠিক রেখে বল করতে পারেন।
চ্যাপেল বলেন, ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর আমার প্রধান কাজই হচ্ছে ২০০৭ সালের বিশ্বকাপকে মাথায় রেখে তরুণ ও প্রতিভা সম্পন্ন একটি শক্তিশালী দল গড়ে তোলা। গাম্ভির, ধোনি, কাইফ এবং যুবরাজ সবাই এ সিরিজে ভাল করেছে। নতুনরা ভাল করছে এটা খুবই ভাল দিক। আগামীতে নতুনদের সমারোহে ভারতীয় দল আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
