২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল দলের আবাসিক অনুশীলন শিবির শুরু হচ্ছে শুক্রবার

সাতদিন বিশ্রামের পর জাতীয় দলে ডাক পাওয়া ২৮ জন ফুটবলার বৃহস্পতিবার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির কাছে রিপোর্ট করেছেন। তবে ডিফেন্ডার রজনীকান্ত বর্মন এবং ফিরোজ মাহমুদ টিটু রিপোর্ট করাদের তালিকায় ছিলেন না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এশিয়া কাপের প্রাক বাছাই পর্ব সামনে রেখে সাভারের বিকেএসপিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের মাসব্যাপী আবাসিক অনুশীলন শিবির। অনুশীলনে ফুটবলাররা প্রতিদিন দু’টি সেশনে দুই ঘন্টা করে অনুশীলন করবেন। অনুশীলনের জন্য খেলোয়াড়দের দুই সেট করে জার্সি, টি শার্ট, ট্রাউজার এবং বুট ও জুতো কেনার জন্য ১২ হাজার টাকা দেয়া হয়েছে।

অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেসের ওপর জোর দেয়া হলেও টেকনিক ও ট্যাকটিস নিয়েও কাজ করা হবে বলে জানিয়েছেন কোচ ক্রুসিয়ানি। কোচ জানান, রজনী ও টিটুর জন্য দুই তিনদিন অপেক্ষা করা হবে। এর মধ্যে তারা ক্যাম্পে যোগ না দিলে তিনি নতুন দু’জনকে দলে যুক্ত করবেন।

টিটু গত পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত এবং বর্তমানে তিনি উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে রজনী বর্তমানে ভারতে অবস্থান করছেন। অবশ্য বৃহস্পতিবার রাতে রজনীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রাক বাছাই পর্বে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ হোম ম্যাচ খেলবে ১১ নভেম্বর। দুদেশের মধ্যে অ্যাওয়ে ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।

বাছাই পর্বের প্র¯তুতি হিসেবে মায়ানমারে একটি চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, এবং স্বাগতিক মায়ানমার অংশগ্রহন করবে। চারজাতি টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য ২৫ সদস্যের বাংলাদেশ দলের ২৩ অক্টোবর ঢাকা ত্যাগ করার কথা। ইয়াঙ্গুনে ২৫ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত।