২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ক্রিকেট লিগের জন্য ২০ সদস্য বিশিষ্ট পুলের নাম ঘোষণা

গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ২০ সদস্য বিশিষ্ট জাতীয় পুলের নাম ঘোষণা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পুলভুক্ত ক্রিকেটারদের মধ্যে ইনজুরি আক্রান্ত পেসার মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য ও ব্যাটসম্যান রাজিন সালেহও অন্তর্ভুক্ত হয়েছেন।

সারাদেশের ছয়টি ভেন্যুতে ৫ আক্টোবর থেকে মাঠে গড়াবে কর্পোরেট ক্রিকেট লিগ। লিগে ১২টি দল অংশ নিচ্ছে।

লিগ কমিটির সদস্য সচিব আলী হোসেন জানান, ইনজুরিতে থাকলেও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে মাশরাফি, তাপস ও রাজিনকে পুলভুক্ত করা হয়েছে। তবে লিগে অংশগ্রহনের আগে তাদের ফিটনেস সার্টিফিকেট অর্জন করতে হবে বলে জানান আলী হোসেন।

লিগে অংশগ্রহনকারী প্রতিটি দল পুলভুক্ত তিনজন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। এছাড়া দলগুলো দুইজন করে বিদেশী খেলোয়াড়ও দলে টানতে পারবে। তবে শুধু সেমিফাইনাল ও ফাইনালে একজন করে বিদেশী খেলোয়াড় মাঠে নামতে পারবেন।

কর্পোরেট লিগের মধ্য দিয়ে এবারই প্রথম ঘরোয়া লিগে আইসিসি প্রবর্তিত ‘সুপার সাব’ এবং ‘পাওয়ার প্লে’ নিয়ম অন্তর্ভুক্ত হবে।

পুলভুক্ত ক্রিকেটাররা হলেন-হাবিবুল বাশার, রাজিন সালেহ, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, মাঞ্জারুল ইসলাম রানা, তাপস বৈশ্য, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, নাফিস ইকবাল, খালেদ মাহমুদ, আফতাব আহমেদ, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র, তুষার ইমরান, আনোয়ার হোসেন মনির, মাশরাফি বিন মুর্তজা, শাহরিয়ার নাফিস, শাহাদত হোসেন রাজীব, মুশফিকুর রহিম এবং সৈয়দ রাসেল।