জাতীয় ফুটবলের জোনাল ফাইনালে কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব
নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের জোনাল ফাইনালে উঠেছে জামালপুর কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব।
বুধবার জামালপুর স্টেডিয়ামে কাচারীপাড়া ক্লাব ২-০ গোলে টাঙ্গাইলের মুসলিম রেনেসাঁ ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এছাড়া এদিন মুন্সীগঞ্জের নবনবীন সমাবেশ ক্লাব, কুষ্টিয়া ক্রিসেন্ট ক্লাব ও রংপুরের মুনলাইট স্পোর্টিং ক্লাব নিজ নিজ প্রতিপক্ষদের বিরুদ্ধে জয়ী হয়ে জোনাল সেমিফাইনালে উন্নীত হয়েছে।
জামালপুর স্টেডিয়ামে স্বাগতিক দল প্রথমার্ধের ৩১ মিনিটে আরিফের গোলে এগিয়ে ছিল। দলের পক্ষে ৭৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ওয়ালিদ।
ফরিদপুর স্টেডিয়ামে মাসুমের হ্যাটট্রিকের সুবাদে নবনবীন সমাবেশ ক্লাব ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গোপালগঞ্জের আব্দুল লতিফ স্মৃতি সংসদকে। মাসুম ছাড়া বিজয়ী দলের বাকি চারটি গোল করেন জাহাঙ্গীর, আরাফাত, রিপন ও রিপন খান।
একই ভেন্যুতে কুষ্টিয়া ক্রিসেন্ট ক্লাব একমাত্র গোলে হারায় ঝিনাইদহ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন খালেদ। সেমিফাইনালে ক্রিসেন্ট ক্লাব ও নবনবীন সমাবেশ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
নাটোর স্টেডিয়ামে পঞ্চগড় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে কুড়িগ্রামের সোনালী ধরলা ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের ফারুক দু’টি ও আজিজুর একটি গোল করেন। সোনালী ধরলা ক্লাবের পক্ষে একটি গোল পরিশোধ করেন হাসানুর। অনিবার্য কারণবশত ফেনী ও খুলনা ভেন্যুর দু’টি খেলা অনুষ্ঠিত হয়নি।
