হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
হারারে টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের প্রথম ইনিংসের জবাবে প্রথম দিনই এক উইকেটে ১৯৫ রান করে সফরকারী ভারত বড় ইনিংস গড়ার যে ইঙ্গিত দিয়েছিল দ্বিতীয় দিন তারা ৩৬৬ রানে অল আউট হয়ে সেটাই করেছে।
তবে স্বাগতিকদের সামনে লিড ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে মাত্র ২০৫ রানের।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান গৌতম গম্ভীর (৯৫) আর রাহুল দ্রাবিড়ের (৪৯) ব্যাটিংয়েই ভারত বড় স্কোর গড়তে সক্ষম হয়। কিন্তু দুইজনই বঞ্চিত হয়েছেন সেঞ্চুরি থেকে। গম্ভীর তিন (৯৭) আর দ্রাবিড় (৯৮) দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। মজার ব্যাপার হলো দুইজনই জিম্বাবুয়ের ব্লেসিং মাউইরির উইকেটে পরিনত হন।
ভারতীয় বোলারদের পাশাপাশি জিম্বাবুয়ের বোলাররাও কম যাননি। বিশেষ করে অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক সফরকারীদের ছয়টি উইকেট তুলে নিয়ে রানের রাশ টেনে ধরেন। ভারতের ইনিংসে শেওয়াগ ৪৪, গম্ভীর ৯৭ আর রাহুল দ্রাবিড় ৯৮ ছাড়া আর কেউই খুব একটা সুবিধা করতে পারেননি।
মিডল অর্ডারে যুবরাজ ২৫ আর শেষদিকে ক্রমেই অলরাউন্ডারে পরিনত হওয়া বোলার ইরফান পাঠান ৩২ রান করে স্কোর বোর্ড সচল রাখেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই স্বাগতিকরা পাঠান আর জহির খানের সাঁড়াশি আক্রমনের মুখে পড়ে। ২১ রানেই তাদের চার উইকেট পড়ে গেলে দুইদিনেই ম্যাচ শেষ হওয়ার আশংকা দেখা দেয়। কিন্তু নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা পেসার হিথ স্ট্রিক আর হ্যামিলটন মাসাকাদজা ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে ৩৯ রান করে দিন পার করে দেন। স্ট্রিক ছয় আর মাসাকাদজা ১১ রানে অপরাজিত আছেন।
এই টেস্টেও হয়তো জিম্বাবুয়ের পরাজয় ছাড়া গত্যন্তর নেই, তবে তৃতীয় দিন তারা তাদের দ্বিতীয় ইনিংসটাকে কতদুর টেনে নিয়ে যেতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়।
