গঙ্গা-পদ্মা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বাফুফে ও এআইএফএফ’র মধ্যে চুক্তি স্বাক্ষর
ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে পর্যায়ক্রমে দুইদেশ যৌথভাবে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে বুধবার এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফুটবল ফেডারেশন ভবনে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
যৌথভাবে আয়োজিত ‘গঙ্গা-পদ্মা ফুটবল টুর্নামেন্ট’ নামে আয়োজিত এই টুর্নামেন্টে দুই দেশের জনপ্রিয় চারটি করে দল অংশগ্রহন করবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষে এর সভাপতি ও সফররত ভারতের পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে সভাপতি এস এ সুলতান এমপি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, ঢাকায় নিযুক্ত ভারতী হাই কমিশনার বীণা সিক্রি, ভারতীয় পার্লামেন্ট সদস্য ও মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপন সাধন বোস, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু এবং ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভারতের পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সী বলেন, বাংলাদেশে পদ্মা আর ভারতে গঙ্গা নাম ধারণ করলেও নদী একটি, এর উৎসও একটি। ভারত সবসময়ই বাংলাদেশকে প্রিয় বন্ধু হিসেবেই মনে করে। ভারতীয় মন্ত্রী আরও বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে দু’দেশের জনগনের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, ফুটবলের ক্ষেত্রে কূটনৈতিক বাধা কোন বাধা নয়।
বাংলাদেশে ফুটবলের উন্নয়নের প্রসঙ্গে প্রিয়রঞ্জন দাস মুন্সী বলেন, ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশের উচিত জাতীয় লিগকে সম্প্রসারিত করা। ভারতে গত বছর থেকে ইতিমধ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। জাতীয় লিগ চালাকালীন সময়ে ভারত কোন গুরুত্বপূর্ন টুর্নামেন্টে অংশগ্রহন করছে না। এ অঞ্চলে ফুটবলের উন্নয়নে বাধা প্রসঙ্গে ভারতীয় মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার ক্রীড়ার বাজার অর্থনীতি ক্রিকেট আর টেনিস কেন্দ্রিক, এর ফলে ফুটবল সব সময়ই অর্থনৈতিক সংকটে ভোগে।
আগামী দশ বছর দুরদর্শনে ভারতের সব ফুটবল টুর্নামেন্ট সম্প্রচার হবে এবং এ ব্যাপারে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের সাথে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুন্সী। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে একই ধরণের পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
টুর্নামেন্টের তারিখ নির্ধারিত না হলেও আগামী মাসে দুই ফেডারেশন একত্রে বসে এর তারিখ নির্ধারণ করবে। যখন যে দেশে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেদেশ এর যাবতীয় খরচ বহন করবে। টুর্নামেন্ট থেকে আয়কৃত অর্থের একটি অংশ অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে টুর্নামেন্ট শেষ হওয়ার ত্রিশদিনের মধ্যে বন্টন করা হবে।
প্রিয়রঞ্জন দাস মুন্সী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ বছর মার্চে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিলেও সে সময় জাতীয় লিগ চলার কারনে আমাদের পক্ষে টুর্নামেন্টে অংশগ্রহণ সম্ভব নয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের ফলে দু’দেশের মধ্যে সুসম্পর্ক আরও সুসংহত হবে। আমি বিশ্বাস করি শুধু ফুটবল নয় ক্রিকেট, হকি এবং কাবাডিতেও দ’ুদেশ এধরণের টুর্নামেন্ট আয়োজন করতে পারে।
