২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারারে টেস্টেও জিম্বাবুয়ের দুর্বল ব্যাটিং, বড় সংগ্রহ গড়ছে ভারত

হারারেতে দ্বিতীয় টেস্টেও ভারতীয় বোলিং তোপের মুখে পড়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

মঙ্গলবার টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে। জবাবে সফরকারী ভারত এক উইকেট খুইয়ে ১৯৫ রান তুলে ৩৪ রানে এগিয়ে গেছে।

টসে জিতে সফরকারীরা জিম্বাবুয়েকে নিজেদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ঠেলে দেয়। ফাস্ট বোলার ইরফান পাঠানের মারত্মক বোলিংয়ের সামনে তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙ্গে পড়ে স্বাগতিকদের সবধরনের প্রতিরোধ। পাঠান একাই ৫৯ রানে সাত উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন।

জিম্বাবুয়ের ইনিংসের উল্লেখযোগ্য দিক হলো অধিনায়ক টাটেন্ডা টাইবু ও বোলার ব্লেসিং মাউইরি ছাড়া সবাই দুই অংকের রান করতে সক্ষম হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন চার্লস কভেন্ট্রি। এছাড়া মাসাকাদজা ২৭, দেবাংগাওয়া ১৮ রান করেন।

৩১ রানে স্বাগতিকদের চার উইকেট পড়ে যাওয়ার পর মূলত কোন কার্যকর জুটি গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ে। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে।

ভারতীয় বোলারদের মধ্যে হরভজন দু’টি এবং জহির খান একটি উইকেট লাভ করেন।

জাবাবে নিজিদের প্রথম ইনিংসে যথারীতি ভালো সূচনা এনে দেন দুই ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর আর বীরেন্দর শেওয়াগ। দলীয় ৭৫ রানে যখন ভারতের প্রথম উইকেট হিসেবে শেওয়াগ হিথ স্ট্রিকের বলে টাইবুর হাতে ক্যাচ দেন তখন তার ব্যক্তিগত খাতে জমা পড়েছে ৪৪ রান। এই রান করার পথে শেওয়াগ সমানসংখ্যক বল খেলেন এবং এতে বাউন্ডারি রয়েছে সাতটি।

এরপর কোন রকম অঘটন ঘটতে না দিয়ে প্রথম দিন পার করে দেন আরেক ওপেনার গম্ভীর আর ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রবাড়ি। গৌতম গম্ভীর টেস্ট সেঞ্চুরির দরজায় কড়া নাড়ছেন। ১১৬ বলে ১৭টি বাউন্ডারির সহায়তায় ৯৫ রান করে অপরাজিত আছেন গম্ভীর। অন্যদিকে আরেক অপরাজিত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ১০৩ বলে সংগ্রহ করেছেন ৪৯ রান।