দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই শ্রীলংকার রানের পাহাড়
প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টের ভেন্যু পি সারা স্টেডিয়াম নিয়ে একটা কথাই বেশি শোনা গেছে, আর তাহলো এই মাঠে ঘাম ঝরানো ছাড়া বোলারদের কিছুই করার নেই। কিন্তু মঙ্গলবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালে দুই পেসার শাহাদত রাজীব আর সৈয়দ রাসেল অধিনায়ক হাবিবুল বাশারের চোখে নতুন স্বপ্ন এঁকে দিয়েছিলেন।
টসে জিতে শ্রীলংকার অধিনায়ক আতাপাত্তু সফরকারীদের উপর বড় রানের পাহাড় চাপিয়ে দেওয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন। কিন্তু সকালের উইকেটের আর্দ্রতাকে কাজে লাগিয়ে দুই বাংলাদেশী পেসার শ্রীলংকান ব্যাটসম্যানদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেন। শাহাদত আর রাসেল দু’টি দুর্দান্ত স্পেলে মাত্র ৪৮ রানেই শ্রীলংকার চারজন ফ্রন্টলাইনার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে দিয়ে বাশারের মুখে প্রথমবারেরমত হাসি ফুটিয়ে তুলেছিলেন। শ্রীলংকার চার উইকেটের মধ্যে আবার শততম টেস্ট খেলতে নামা জয়সুরিয়ার মহামূল্যবান উইকেটটি ছাড়াও একে একে ফিরে গেছেন অধিনায়ক আতাপাত্তু, মাহেলা জয়বর্ধনে আর কুমার সাঙ্গাকারা।
প্রথম শ্রীলংকান হিসেবে শততম টেস্ট খেলতে নামা জয়সুরিয়া মাত্র ১৩ রান করে সৈয়দ রাসেলের বলে এলবিডব্লিউ হন। সকালে শ্রীলংকার যে চারটি উইকেটের পতন ঘটেছে তাতে ব্যাটসম্যানদের ব্যর্থতার তুলনায় দুই পেসারের ক্ষুরধার বোলিংই বেশি বাহবা পাওয়ার যোগ্যতা রাখে।
প্রথম আঘাতটা অবশ্য হানেন শাহাদত রজীব। স্কোর বোর্ডে ২৮ রান জমা পড়তেই ব্যক্তিগত ১১ রানে রাজীবের বলে খালেদ মাসুদের বিশ্বস্ত হাতে নিজের উইকেটটি সঁপে দিয়ে ফিরে যান আতাপাত্তু। এর পর পরই জয়সুরিয়াকে ফিরিয়ে দেন রাসেল। এরপর স্বল্প সময়ের ব্যবধানে সাঙ্গাকারা (৫) ও জয়বর্ধনে (২) আউট হয়ে গেলে শ্রীলংকান শিবিরে দুঃশ্চিন্তার হিমবাহ বয়ে যায়।
কিন্তু এরপরই শ্রীলংকার ব্যাটিংয়ের আসল রূপ দেখিয়ে দেন থিলান সামারাবীরা আর তিলকরত্নে দিলশান। রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করে পি সারার উইকেটের চরিত্র সঠিক বলে প্রমাণ করেন এই দুই ব্যাটসম্যান। দুইজনই তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।
দু’জনের মধ্যে তুলনামুলক বেশি আক্রমনাত্মক ছিলেন দিলশান। মাত্র ১০৪ বলেই সেঞ্চুরি পুরণ হয় দিলশানের। শেষ পর্যন্ত ১৭৯ বলে ১৯টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির মাধ্যমে ১৬৮ রান করে আফতাবের শিকারে পরিনত হন তিনি।
দলের রান তখন ৩২৮, আর পঞ্চম উইকেট জুটিতে রান উঠে ২৮০। দলীয় ৩৯৭ রানে ২১৭ বলে ২০টি চারের সহায়তায় ১৩৮ রান করে সৈয়দ রাসেলের তৃতীয় উইকেটে পরিনত হন সামারাবীরা। তিন রান পরেই হেরাথের উইকেটটিও তুলে নেন শাহাদত রাজীব।
শ্রীলংকা ছোটখাট ধাক্কাটা সামলে উঠে ভাসের ঝড়ো গতির ব্যাটিংয়ে ভর করে। ভাসের মারমুখী ব্যাটিং দেখে বোলারদের শাসন করতে উৎসাহী হয়ে ওঠেন মুরলিধরনও। শেষ বিকেলে এই দুই ব্যাটসম্যান বাংলাদেশী বোলারদের তুলোধুনো করে ছয় ওভারে ৪৮ রান তুলে নেন। এর মধ্যে আবার ভাসের অর্ধশতকও পূর্ন হয়ে যায়। দিনশেষে ভাস ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬০ এবং মুরলিধরন ২১ বলে তিনটি চার আর একটি ছয়ের সাহয্যে ২৫ রান করে অপরাজিত থাকেন।
পি সারায় প্রথম দিনের সকালে পেসার রাজীব আর রাসেল বাংলাদেশকে যে দুরন্ত সূচনা এনে দিয়েছিলেন দিনশেষে দিলশান ও সামারাবীরার জোড়া শতক আর ভাসের অর্ধশতকে সাত উইকেট খুইয়ে ৪৪৮ রানের পাহাড় গড়েছে শ্রীলংকা।
