২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা-গঙ্গা ফুটবল টুর্নামেন্টের চুক্তি স্বাক্ষর হবে বুধবার

বাংলাদেশ ও ভারতে যৌথভাবে পদ্মা-গঙ্গা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 04:22 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সফররত ভারতের পানি সম্পদ মন্ত্রী এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রিয়রঞ্জন দাস মুন্সী মঙ্গলবার রাজধানীর হোটেল সোনরগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সদস্যদের সাথে আলোচনাকালে এ কথা জানান।

এ সময় ভারতের পানিসম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন বলেন, দুই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা বাংলাদেশ ও ভারতে যৌথভাবে পদ্মা-গঙ্গা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি।

মন্ত্রী জানান, ভারত ও বাংলাদেশের জনপ্রিয় তিনটি দল নিয়ে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। তাছাড়া এর ফলে দুই দেশের জনগনের মধ্যে সম্পর্কও জোরদার হবে বলে জানান ভারতীয় পানিসম্পদ মন্ত্রী।

ভারত ও বাংলাদেশ পালাক্রমে প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করবে। ভারতে গঙ্গা-পদ্মা এবং বাংলাদেশে পদ্মা-গঙ্গা ফুটবল টুর্নামেন্ট নামে এই টুর্নামেন্ট আয়োজিত হবে।