২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফপ্রো পুরস্কারের জন্য রোনালদিনহো নির্বাচিত

বার্সার ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো সোমবার প্রথমবারের মত প্রবর্তিত ফিফপ্রো বর্ষ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 02:06 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

চল্লিশটি দেশের ৩৮,০০০ পেশাদার ফুটবলারদের ভোটে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন।

বিশ্ব খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকার ৫৫টি দল থেকে ২০০৪-০৫ মৌসুমের সেরা দলটি নির্বাচন করেন।

ডিসেম্বরে ফিফার বর্ষসেরা পুরস্কার জেতা রোনালদিনহো বলেন, এত বড় পুরস্কার পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। তবে এই পুরস্কারটারও বিশেষত্ব রয়েছে। কেননা, আমার সহ-খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছি।

ফিফপ্রো প্রেসিডেন্ট গর্ডন টেলর বলেন, ফুটবল খেলোয়াড়দের চেয়ে বড় কোন সমালোচক নেই। আর তাই পৃথিবীর বিভিন্ন স্থানের ফুটবলারদের ভোটে নির্বাচিত হওয়া অবশ্যই সৌভাগ্যের ব্যাপার।

বিশ্ব একাদশের কোন খেলোয়াড়কে বার্সিলোনা ক্লাবে দেখতে চান এমন প্রশ্নের উত্তরে রোনালদিনহো বলেন, বিশ্ব একাদশের ব্যাপারটিই একটি অন্যরকম ব্যাপার। এখানে মহান সব ফুটবলার রয়েছেন। এদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া কঠিন।

বিশ্ব একাদশের নির্বাচিত সদস্যরা হলেন ডিডা, কাফু, রোনালদিনহো (ব্রাজিল), পাওলো মালদিনি, আলসান্দ্রো নেস্তা (ইতালি), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, জন টেরি (ইংল্যান্ড), ক্লাউডি ম্যাকলেলে, জিনেদিনে জিদান (ফ্রান্স), স্যামুয়েল ইতো (ক্যামেরুন) এবং আদ্রি শেভচেঙ্কো (ইউক্রেন)।