প্রথম টেস্টের হতাশা ঝেড়ে ফেলে মঙ্গলবার দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ
প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবার প্রত্যয় নিয়ে মঙ্গলবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
শ্রীলংকা সফরের আগেই বেশ কয়েকটি দুশ্চিন্তা এসে ভর করেছিল বাংলাদেশ শিবিরে। এর একটি দলের নড়বড়ে ব্যাটিং লাইন আপ, আর অন্যটি স্বাগতিক দলের স্পিনার মুত্তিয়া মুরলিধরন। ইংল্যান্ড সফরে দলের ব্যাটিংয়ের যে চেহারা ছিল, তাতে মোটামুটি চিন্তামুক্ত থাকা গেলেও মুরলি চিন্তাটা মাথা থেকে নামানোই যাচ্ছিলনা।
শ্রীলংকা সফরে এসে ওয়ানডে সিরিজে চরম ভরাডুবির পর প্রথম টেস্টে দেখা গেল বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের ভয়াবহ রূপ। ইংল্যান্ডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানো সেই ব্যাটিং যেন উধাও হয়ে গেছে স্কোয়াড থেকে। ফলে যা হবার তাই হয়েছে, দল হেরেছে এক ইনিংস ও ৯৬ রানে।
প্রথম টেস্টের পর অবশ্য বাংলাদেশ দল অনুশীলনে নামেনি। বরং দু’দিন বিশ্রাম দিয়ে খেলোয়াড়দের মন থেকে প্রথম টেস্টের দুঃসহ স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারাও অবসরের সময়টুকুকে কাজে লাগিয়েছেন ভালোভাবেই। এ পরিকল্পনায় তারা প্রাথমিকভাবে সফলও হয়েছে বলে মনে হচ্ছে। অধিনায়ক বাশারের কথায়, ক্রিকেটারদের দু’দিনের এই বিশ্রামে কাজ হয়েছে। কারণ, দু’দিন ছুটি কাটানোর পর শনিবার নেটে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী অনুশীলন দেখে নাকি বাশারের তাই মনে হয়েছে।
এদিকে দ্বিতীয় টেস্টে দলের ব্যাটিং গভীরতা বাড়াতে পরিবর্তন এখন সময়ের ব্যাপার। ইংল্যান্ড সফরে প্রায় হারিয়ে যাওয়া ওপেনার নাফিস ইকবাল দলে ঢুকতে পারেন। জাভেদের সাথে যদি নাফিস ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সেক্ষেত্রে আরেক ওপেনার শাহরিয়ার নাফিসকে হয়তো মিডলঅর্ডারে দেখা যেতে পারে। এমনিতেই পি সারার উইকেটে বোলারদের ঘাম ঝরানো ছাড়া বিশেষ কিছু করার থাকবেনা বলেই ক্রিকেটবিশেষজ্ঞদের ধারনা, তার উপর আবার এটা মুরলির ঘরের মাঠ। ঘরের মাঠে যে মুরলি আরও ভয়ংকার হয়ে উঠবেন এমনটা বলাই যায়। সেক্ষেত্রে মুরলিকে সামলানোর জন্য বাংলাদেশ দলের মিডল অর্ডারে ডান-বাঁ হাতি কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্টের পছন্দ শাহরিয়ারই হতে পারেন।
এ দলের হয়ে ইংল্যান্ড সফরে ব্যাটসম্যান তুষার ইমরানের ব্যাট যেভাবে হেসেছিল, শ্রীলংকায় এসে যেন তার সেই ব্যাটই মুখ গোমড়া করে আছে। অন্তত প্রথম টেস্টে তার ব্যাটকে অতটা আত্মবিশ্বাসী মনে হয়নি। সুতরাং নাফিস ইকবালকে জায়গা করে দিতে তুষারের সরে দাঁড়ানো প্রায় নিশ্চিত।
বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে এই মুহূর্তে কোন দুশ্চিন্তা না থাকলেও এই বিভাগের শক্তি বাড়াতে আর দলে একজন বাড়তি ব্যাটসম্যান পেতে মাঞ্জারুল ইসলাম রানাও দলে ঢুকে পড়তে পারেন।
অন্যদিকে বাংলাদেশের আতংক স্বাগতিক দলের স্পিনার মুরলিধরন বেটিং বিতর্কে জড়িয়ে পড়লেও দ্বিতীয় টেস্টে আরও ভয়ংকররূপে আবির্ভূত হতে যাচ্ছেন। কারণটা আগেই বলা হয়েছে, পি সারা মুরলির মাঠ।
তাছাড়া শ্রীলংকার প্রথম ক্রিকেটার হিসেবে সনথ জয়সুরিয়া (৩৬) বাংলাদেশের বিরুদ্ধেই নিজের শততম টেস্ট খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন। আর নিজের শততম টেস্ট যে কেউ স্মরণীয় করে রাখতে চাইবেন সেটাই স্বাভাবিক। ১৯৯১ সালে ডেব্যু হওয়ার পর থেকে একটানা ১৪ বছর দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন হার্ডহিটিং এই ব্যাটসম্যান। ফলে জয়সুরিয়ার পক্ষ থেকেও বাংলাদেশের জন্য রয়েছে বিপদসংকেত।
তাছাড়া প্রথম টেস্টে জয়ী দল নিয়েই মাঠে নামবে শ্রীলংকা, অধিনায়ক আতাপাত্তুর মতামত অন্তত তাই।
স্কোয়াড:
শ্রীলংকা-মারভান আতাপাত্তু (অধিনায়ক), মাহেলা জয়বর্ধনে, সনথ জয়সুরিয়া, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবীরা, তিলকরত্নে দিলশান, চামিন্দা ভাস, ফারভেজ মাহরুফ, রঙ্গনা হেরাথ, মুত্তিয়া মুরলিধরন, ল্যাসিথ মালিঙ্গা, রাসেল আরনল্ড, গায়ান বিজেকুন, দিলহারা ফার্নান্ডো, সান্থা কালাভিথিগোডা।
বাংলাদেশ-হাবিবুল বাশার (অধিনায়ক), জাভেদ ওমর, নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস, তুষার ইমরান, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, সৈয়দ রাসেল, শাহাদত হোসেন রাজীব, তালহা জুবায়ের, আব্দুর রাজ্জাক।
