২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ক্লাব টেনিসের সবগ্রুপে শিরোপা জিতে নিয়েছে বিকেএসপি

উত্তরা ক্লাব উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) একচ্ছত্র আধিপত্য দেখিয়ে টুর্নামেন্টের সবগুলো গ্রুপে শিরোপা জিতে নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

শুক্রবার পুরুষ এককের ফাইনালে হেনরি ১-৬, ৭-৬ সেটে জাতীয় টেনিস কমপ্লেক্সের দিপু লালকে এবং মহিলা এককের ফাইনালে হো জো ফুসাকো ৬-১, ৬-৩ সেটে বিকেএসপির ইশরাত সুলতানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

পুরুষ দ্বৈতে বিকেএসপির শাহ নেওয়াজ ও মুরাদ হোসেন জুটি ৬-৪, ৬-৪ সেটে অমল রায় ও লক্ষ্মণ লাল জুটিতে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

মহিলা দ্বৈতের ফাইনালে বিকেএসপির ইশরাত সুলতানা ও হো জো ফুসাকো জুটি ৬-১, ৬-১ সেটে জাপান ক্লাবের কুনিকো ওতাকো ও ইয়া উ কিয়া জুটিকে হারিয়ে শিরোপা জিতে নেন।

অনুর্ধ্ব ১৬ বালিকা বিভাগে বিকেএসপির মাহী চিং একই দলের মাসুমা সুলতানাকে ৬-২, ৬-১ সেটে পরাজিত করেন।

অনুর্ধ্ব ১৪ বালক ইভেন্টে বিকেএসপির ওমর ফারুক ৬-০, ৬-২ সেটে নারায়ণগঞ্জ ক্লাবের আরিফ হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে অনুর্ধ্ব ১২ ইভেন্টে বিকেএসপির শেখ হাসিবুল হক উত্তরা ক্লাবের তাসফিন আলমকে পরাজিত করেন।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস। এসময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি এটিএম হায়াতুজ্জামান খান, উত্তরা ক্লাবের সভাপতি মাসুদ খান উপস্থিত ছিলেন।