ইংলিশ শিবিরে অ্যাশেজ জয়ের সুবাতাস, ড্রয়ের দিকে এগুচ্ছে পঞ্চম টেস্ট
অ্যাশেজ সিরিজের পঞ্চমও শেষ টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বাগড়া দিয়েছিল বৃষ্টি, আর চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাধসাধে আলোর স্বল্পতা।
খারাপ আলোর জন্য দ্বিতীয়বারের মত যখন খেলা বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান উঠেছে তখন ৩৪, সবমিলিয়ে ৪০ রানে এগিয়ে গেছে স্বাগিতকরা।
বারবার খেলা বিঘ্নিত হওয়ায় এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। আর এতেই ইংল্যান্ড শিবিরে অ্যাশেজ জয়ের সুবাতাস বইতে শুরু করেছে। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ এ এগিয়ে রয়েছে।
এর আগে স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৭৩ রানের জবাবে ছয় রানে পিছিয়ে থেকে ৩৬৭ রানে অসিদের প্রথম ইনিংস শেষ হয়। গত তিন দিনে বৃষ্টির চোখ রাঙানো অব্যাহত থাকলেও এরমধ্যেও ম্যাচের হিরো হিসেবে নিজের নামটা প্রতিষ্ঠিত করে ফেলেছেন ইংলিশ অল রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ব্যাট হাতে ৭২ রান করার পাশাপাশি বল হাতেও পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ভিত কাঁপিয়ে দেন ফ্লিনটফ। ৯৭ রানে চার উইকেট নিয়ে ফ্লিনটফকে যোগ্য সহায়তা দিয়ে গেছেন পেসার ম্যাথু হগার্ড।
অস্ট্রেলিয়ার ইনিংসে দুই ওপেনিং ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার (১০৫) এবং ম্যাথু হেইডেনের (১৩৮) জোড়া শতক ছাড়া আর কারও ব্যাট থেকে উল্লেখ করার মত রানের দেখা পাওয়া যায়নি। দলের তৃতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক রিকি পন্টিংয়ের ব্যাট থেকে। এছাড়া মিডল অর্ডারে মাইকেল ক্লার্ক ২৫ এবং অ্যাডাম গিলক্রিস্ট ২৩ রান করে দু’জনই হগার্ডের শিকারে পরিনত হন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতই অসি লেগ স্পিনার শ্যেন ওয়ার্নের ঘূর্ণির ফাঁদে পড়েন ওপেনার অ্যান্ড্রু স্ট্রস। দলীয় মাত্র দুই রানের সময় ব্যক্তিগত একরানে ওয়ার্নের বলে ক্যাটিচের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন প্রথম ইনিংসের এই সেঞ্চুরিয়ান। আর দলের রান যখন সাত তখনই খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর আবার খেলা শুরু হলে ৩৪ রান পর্যন্ত দলের রান টেনে নিয়ে যান ট্রেসকোথিক আর অধিনায়ক মাইকেল ভন। কিন্তু এ সময় আবারও আলোর স্বল্পতার জন্য খেলা দ্বিতীয়বারের মত বন্ধ হয়ে যায়।
