শক্তিশালী শ্রীলংকার সামনে দুর্বল বোলিং শক্তির বাংলাদেশ
কলম্বোর রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে শ্রীলংকা-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
টেস্ট পরিবারের দুর্বল দল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা নিঃসন্দেহে শক্তিশালী। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের যে শক্তি ছিল তা একেবারে খারাপ বলা যায় না। কারণ এই দল নিয়েই ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাইয়ে দেশে ফিরেছে বাশার বাহিনী।
‘শক্তি ছিল’ কথাটা বলা হচ্ছে এ কারণে যে, শ্রীলংকা সফর শুরুই হয়েছে ১০ উইকেটের বিশাল এক পরাজয়ের মধ্য দিয়ে। ধারণা করা হয়েছিল, ওয়ানডে সিরিজে দু’একটা জয় এসে ধরাও দিতে পারে। কিন্তু সে গুড়েবালি। বাংলাদেশ যথারীতি সিরিজে হোয়াইট ওয়াশ।
এতো গেল দলের পরাজয়ের বৃত্তান্ত। এবার আসা যাক দলের অবস্থায়। ওয়ানডে সিরিজে দল যে খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, তা বলা যায় না। উল্টো দলের ব্যাটিং, ফিল্ডিং আর বোলিং শক্তি নিয়ে কথা উঠতে থাকে। একদিনের ম্যাচগুলোতে একবার ব্যাটসম্যানরা রান পান তো বোলাররা ফ্লপ, আবার বোলিং জ্বলে উঠলো তো ফিল্ডিংয়ের অবস্থা যাচ্ছে তাই।
ওয়ান ডে সিরিজের আগে ইনজুরির জন্য দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি দল থেকে ছিটকে পড়লে দেশ থেকে রাতারাতি উড়িয়ে নেয়া হয় টেস্ট স্কোয়াডের বাইরে থাকা বোলার তাপস বৈশ্যকে। ওয়ানডেতে তাপসের কারণেই যা কিছুটা মান বেঁচেছে। বল হাতে মোটামুটি সফল হলেও, ব্যাট হাতে রীতিমত ব্যাটসম্যানদের লজ্জায় ফেলে দিয়েছেন তাপস।
ব্যাটের কথা যখন ওঠলোই তখন আরেকজনের কথা না বললেই নয়। ওপেনার জাভেদ ওমর। যেকোন কারনেই হোক, জাভেদের ব্যাটে রানের দেখা পাওয়া গেল। এখনও পর্যন্ত শ্রীলংকা সফরে এই জাভেদ, মিডল অর্ডারে খালেদ মাসুদ আর টেলএন্ডে তাপসের ব্যাটেই কেবল ভরসা করতে পেরেছে দল। অন্যরা যেন নিজেদের ছায়ারও ধারেকাছে ছিলেন না।
দলকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে শুধু সাজঘরে ফেরার জন্য ব্যস্ত ছিলেন দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা।
টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ পাওয়া গেছে একটা। তিনদিনের সেই ম্যাচে আবারও দলের ব্যাটিং দৈন্য ফুটে ওঠলো চরমভাবে। শেষ পর্যন্ত আশরাফুল আর আফতাব আহমেদের ব্যাটে ম্যাচ ড্র করতে পারলেও এই ব্যাটিং নিয়ে শক্তিশালী স্বাগতিকদের বিরুদ্ধে দল কতটা লড়তে পারবে, সেটাই চিন্তার বিষয়।
কিন্তু দলের অবস্থা যে আরও ভয়াবহ। মাশরাফির পরিবর্তে শ্রীলংকায় উড়ে যাওয়া তাপস বৈশ্যও দল থেকে ছিটকে পড়েছেন। কারন, তার পুরনো ইনজুরি। ফলে একই বিমানে দেশে ফিরতে হয়েছে দলের দুই প্রধান বোলারকে। আর টেস্ট সিরিজে শক্তিশালী ও অভিজ্ঞ শ্রীলংকার সামনে ঠেলে দিতে হচ্ছে তালহা জুবায়ের, শাহাদত হোসন রাজীব আর টেস্ট অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা সৈয়দ রাসেলের মত অনভিজ্ঞ বোলারদের।
দলের প্রধান দুই বোলারকে হারিয়ে দল যে বিপদে পড়েছে, শনিবার কোচ ডেভ হোয়াটমোরের কথায়ও তা ফুটে উঠেছে। মাশরাফির ইনজুরিকে ডেভ বড় ধরনের একটা ধাক্কা হিসেবেই দেখছেন। তবে কোচ মনে করেন, দলের পেস বোলাররা অনভিজ্ঞ হলেও নতুনদের জন্য নিজেদের প্রমান করার একটা সুযোগও বটে।
টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সৈয়দ রাসেলের সাথে নতুন দলের সঙ্গী হতে পারেন ইংল্যান্ডে একটি মাত্র টেস্ট খেলা শাহাদত হোসেন রাজীব।
এদিকে টেস্ট সিরিজেও বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ শ্রীলংকা। প্রেমাদাসা স্টেডিয়ামে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের সহ অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি বড় পার্টনারশীপ গড়ে তোলার চেষ্টা করব এবং প্রথম ইনিংসেই বড় স্কোর গড়ার চেষ্টা করব’।
প্রেমাদাসা স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে দুই স্পিনার মুত্তিয়া মুরলিধরন এবং রঙ্গনা হেরাথকে নিয়ে নামবে এটা বলেই দেয়া যায়।
শ্রীলংকা দল : মারভান আতাপাত্তু (অধিনায়ক), সনথ জয়সুরিয়া, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, থিলান সামারাবীরা, তিলকরত্নে দিলশান, চামিন্দা ভাস, ফারভেজ মাহরুফ, রঙ্গনা হেরাথ, মুত্তিয়া মুরলিধরন, ল্যাসিথ মালিঙ্গা, রাসেল আরনল্ড, গায়ান বিজেকুন, দিলহারা ফার্নান্দো, সান্থা কালাভিথিগোডা।
বাংলাদেশ দল : হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ, মোহাম্মদ আশরাফুল, জাভেদ ওমর, তুষার ইমরান, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, মাঞ্জারুল ইসলাম রানা, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, তালহা জুবায়ের, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র, শাহাদত হোসেন, আব্দুর রাজ্জাক।
