বোলিং অ্যাকশন শোধরাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন পাক বোলার সাব্বির
সামনেই ইংল্যান্ডের পাকিস্তান সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে ইংলিশরা যেরকম লড়ছে, তাতে কোন রকম ঝুঁকির মধ্যে যেতে চাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব বিভাগেই অস্ত্র মজুদ করে রাখতে চাচ্ছে তারা।
এই লক্ষ্যেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য গত মে মাসে তৃতীয়বারের মত নিষিদ্ধ হওয়া ফাস্ট বোলার সাব্বির আহমেদকে বোলিং অ্যাকশন শোধরানোর জন্য অস্ট্রেলিয়া পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ।
মে মাসে বার্বাডোজে ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকে সাব্বির মাঠের বাইরে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা আব্বাস জায়েদী সাব্বিরের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও যাওয়ার তারিখ জানাননি। তবে শিগগিরই সাব্বিরের যাওয়ার তারিখ নির্ধারিত হবে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান দলের কোচ বব উলমার সাব্বিরের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু তারপরও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের কাছ থেকে চুড়ান্ত ক্লিয়ারেন্স আনতেই সাব্বিরকে অস্ট্রেলিয়ায় পাঠানো। নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের আগেই ২৯ বছর বয়স্ক বোলারকে দলে দেখতে চাচ্ছেন টিম ম্যানেজমেন্ট।
পাক দলের হয়ে ৪৬টি টেস্ট এবং ৩৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে সাব্বির আহমেদের।
