এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের জন্য ২৮ ফুটবলার নির্বাচিত
এশিয়ান কাপ ফুটবলের প্রাক-বাছাই পর্বে অংশগ্রহনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার প্রাথমিকভাবে ২৮ জন ফুটবলারকে নির্বাচন করেছে।
বাংলাদেশ প্রাক বাছাই পর্বের হোম ম্যাচে ১১ নভেম্বর পাকিস্তানের সাথে লড়বে। অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর পাকিস্তানে।
জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সাইদ হাসান কানন মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা করেন।
ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা এবং ফুটবল ফেডারেশনের সহ সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ব্যবস্থাপনা কমিটির সদস্য সালাম মুর্শেদী, গোলাম রব্বানী হেলাল, কোচ দিয়েগো আন্দ্রে ক্রুসিয়ানি এবং ট্রেনার অ্যারিয়েল কোলম্যান এ সময় উপস্থিত ছিলেন।
২০০২ সালে বিশ্বকাপ প্রাক বাছাই রাউন্ডে তাজিকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার মনি, মিডফিল্ডার মনোয়ার, উইংগার সাইফুল, সেন্টু, ডিফেন্ডার হাসান এবং লিটন এবার দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া প্রাথমিক দলে নতুন মুখ ১৪ জন।
সংবাদ সম্মেলনে কানন বলেন, পূর্বে আমরা টেকনিক্যাল কমিটির মাধ্যমে ৪০/৫০ জন খেলোয়াড়ের একটি তালিকা কোচের কাছে দিতাম, কিন্তু এবার কোচ ক্রুসিয়ানি চলতি প্রিমিয়ার লিগের খেলা দেখে ২৮ জন খেলোয়াড় বাছাই করেছেন।
এ ব্যাপারে মৃদুভাষী কোচ ক্রুসিয়ানি জানান, পারফরম্যান্স, মুভমেন্ট, স্কিল, বডি ল্যাঙ্গুয়েজ এবং টেকনিকের ভিত্তিতেই এবার তিনি খেলোয়াড় বাছাই করেছেন। কোচ আরও জানান, তিনি ৪-৩-১-২ পদ্ধতিতে খেলার জন্য দল সাজাবেন।
কোচ ক্রুসিয়ানি বলেন, কোন খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত হলে কিংবা যদি অনুশীলনে কেউ ভালো পারফরম্যান্স করতে না পারে সেজন্য পাঁচ থেকে সাতজন খেলোয়াড় স্ট্যান্ডবাই রাখা হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, এবার খেলোয়াড় বাছাইয়ে কোচকে পূর্ন স্বাধীনতা দেয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে এরমধ্য দিয়ে আমরা ভালো ফলাফল পাবো।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শিবির শুরু হবে। অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেসের উপর বেশি জোর দেয়া হবে জানিয়েছেন কোচ।
এক প্রশ্নের জবাবে কোচ জানান, লিগে বেশ কয়েকজনের খেলা তার নজর কেড়েছে, কিন্তু তাদেরকে এইমুহূর্তে শুধুমাত্র যুবদলের জন্যই বিবেচনা করা যেতে পারে এবং ভবিষ্যতে তারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবে।
কানন জানান, পাকিস্তানের বিরুদ্ধে খেলার আগে হংকং কিংবা মায়ানমারের বিরুদ্ধে দু’টি (এখনও সিদ্ধান্ত হয়নি) প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল এবং প্রস্তুতি ম্যাচের আগেই ২০ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করা হবে।
নির্বাচিত খেলোয়াড়দের তালিকা :
গোলরক্ষক-আমিনুল হক (মুক্তিযোদ্ধা), বিপ্লব ভট্টাচার্য (মোহামেডান), আতিকুল ইসলাম তারেক (ব্রাদার্স), এম শাকিল (আরামবাগ)।
ডিফেন্ডার-ফয়সাল আহমেদ (ফরাশগঞ্জ), সুজন (ব্রাদার্স), পারভেজ বাবু (ব্রাদার্স), মহিউদ্দিন ইবনে সিরাজী (ব্রাদার্স), রাজনী কান্ত বর্মন (মুক্তিযোদ্ধা), ফিরোজ মাহমুদ টিটু (মুক্তিযোদ্ধা), নজরুল ইসলাম (মোহামেডান), ওয়ালী ফয়সাল (আবাহনী)।
মিডফিল্ডার-আরিফ খান জয় (আবাহনী), আরমান আজিজি (মোহামেডান), আরমান মিয়া (মুক্তিযোদ্ধা), জাহেদ পারভেজ (আবাহনী), মতিয়ুর মুন্না (মোহামেডান), আবুল হোসেন (ব্রাদার্স), ফয়সাল মাহমুদ (মোহামেডান), মেহেদী হাসান উজ্জ্বল (আবাহনী), হাসান আল মামুন (মুক্তিযোদ্ধা), আসাদুর রহমান আসাদ (মোহামেডান)।
স্ট্রাইকার-আলফাজ আহমেদ (মোহামেডান), আরিফুল কবির ফরহাদ (আবাহনী), শাহাজুদ্দিন টিপু (আবাহনী), রোকনুজ্জামান কাঞ্চন (মুক্তিযোদ্ধা), জাহিদ হাসান এমিলি (ব্রাদার্স) এবং তপু (ব্রাদার্স)।
