২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেন-এতে বিজয় রথ থেমে গেল সানিয়া-র

টেনিস সেনসেশন উঠতি ভারতীয় তারকা সানিয়া মির্জা ইউএস ওপেনে মহিলা এককে দুর্দান্ত সাফল্য দেখিয়ে প্রি কোর্য়াটার ফাইনাল থেকে বিদায় নিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

রাশিয়ার শীর্ষ তারকা এবং ২০০৪-এর উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা আর্থার অ্যাসে স্টেডিয়ামে ৫৯ মিনিটে সরাসরি ৬-২, ৬-১ সেটে সানিয়াকে পরাজিত করেন।

হায়দ্রাবাদের ইতিহাস সৃষ্টিকারী অষ্টাদশী কিশোরী সানিয়াই একমাত্র ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় যিনি কোন গ্রান্ড স্লামে চতুর্থ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন।

সানিয়া শুরুতে সমান তালে খেলে গেলেও এবং একে অপরের সার্ভিস ব্রেক করতে সক্ষম হলেও চতুর্থ গেমে শারাপোভা সানিয়ার সার্ভিস ভেঙ্গে ৩-১ লীড নেয়। পরবর্তী গেমে সানিয়া পাল্টা জবাব দেয় এবং খেলার ফলাফল ২-৩-এতে নিয়ে আসে। কিন্ত পরে সেই ধারাবহিকতা আর ধরে রাখতে পারেনি।

শারাপোভার ৬টি এইস সার্ভ তুলতে ব্যর্থ হয় সানিয়া। সেখানে সানিয়ার মাত্র একটি। সানিয়া ৬টি ডাবল ফল্ট করেছে

সেখানে শারাপোভার ছিল মাত্র একটি। আনফোর্সড ভুলের সংখ্যা শারাপোভার ১৪টি। সানিয়া করেছেন ২৩টি। এসব ভুলের কারণেই তার ভাগ্যে নির্মম পরিণতি নেমে আসে এবং তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন।

হায়দ্রাবাদে সানিয়ার মা প্রতিক্রিয়ায় বলেন, “সে খুবই ভাল খেলেছে তবে সার্ভগুলো ঠিক ছিলনা। এতে আমি নিরাশ হইনি। সানিয়ার পাকস্থলির পেশীতে টান পড়ায় সে সজোরে সার্ভ করতে ব্যর্থ হয়েছে। তাই সার্ভে সে নিজস্ব ছন্দে ফিরে আসতে পারেনি।”

এক বছর আগে সানিয়ার টেনিস র‌্যাঙ্কিং ছিল ৩২৬। এ বছরের শুরুতে ১৬৯ অবস্থান নিয়ে যাত্রা শুরু করে ইউএস ওপেনের আগে ৪২ নম্বরে নিজেকে উর্ত্তীণ করার এক অসামান্য সাফল্য দেখান তিনি।