২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও হারলো টাইগাররা

শ্রীলংকায় ব্যর্থতার ষলোকলা পূর্ণ করলো বাংলাদেশ। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ব্যাংক আল ফালাহ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও স্বাগতিকদের বিরুদ্ধে ছয় উইকেটে হার মানে টাইগাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সিরিজের প্রথম দুই ম্যাচে একমাত্র ফিল্ডিং ছাড়া দলের ব্যাটিং বোলিং- কিছুটা হলেও লড়াই করতে পারলেও শেষ ম্যাচে ব্যাটসম্যানরা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায়।

টসে জিতে শ্রীলংকা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ইনিংসের শুরটা কিন্তু অতটা খারাপ হয়নি বাংলাদেশের। দুই ওপেনার শাহরিয়ার নাফিস আর জাভেদ ওমর বেশ দেখেশুনেই শ্রীলংকার বোলারদের খেলছিলেন। এই জুটি দলীয় রানকে ৪৭ পর্যন্ত টেনে নিয়ে যান। কিন্তু এই পর্যায়ে এসে যেন জাভেদের ধৈর্য্যচ্যুতি ঘটে। অবশ্য দিলহারা ফার্নান্ডোর যে বলটিতে জাভেদ এলবিডব্লিউ হন, তা ঠেকানোর কোন উপায় তার ছিল না। ১৮ রান করে আউট হয়ে যান জাভেদ।

আরেক ওপেনার শাহরিয়ারের ইনিংসটি ছিল আরও গোছানো। কিন্তু হলে কি হবে, অন্যপ্রান্তে তখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে। বাংলাদেশের স্কোর বোর্ডে মাত্র চার যোগ হতেই আরও তিন উইকেট উধাও। দলীয় ৫১ রানে নাফিস আর রফিক, ৫২ রানে আশরাফুল ও আফতাব এবং ৫৪ রানে অধিনায়ক হাবিবুল বাশার সাজঘরে ফেরেন দলকে ঘোর অন্ধকারে রেখে।

মিডল অর্ডারে যার উপর ভরসা করা যায়, সেই খালেদ মাসুদও ব্যর্থ হলেন দলের ভরাডুবি ঠেকাতে। তুষার ইমরান আর মাঞ্জারুল ইসলাম রানা যথাক্রমে ১৩ আর ১৭ রান করে কিছুটা লড়াই করার চেষ্ট করেন। কিন্তু শ্রীলংকার বোলার, বিশেষ করে মাহরুফ এবং ফার্নান্ডোর বোলিং তান্ডবে বেশিদুর এগোয়নি বাংলাদেশের ইনিংস।

তিনটি করে উইকেট নিয়ে মাহরুফ আর ফার্নান্ডোই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন।

১০৯ রানের সহজ জয়ের লক্ষে খেলতে নেমে শুরুতেই বৃষ্টির মুখে পড়ে স্বাগতিকরা। বৃষ্টি থেমে গেলে শ্রীলংকার সামনে জয়ের টার্গেট দেয়া হয় ৪৬ ওভারে ১০৬ রান।

আগের দুই ম্যাচে একাই বাংলাদেশকে হারিয়ে দেয়া উপল থারাঙ্গা খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র নয় রান করে তাপস বৈশ্যর বলে বোল্ড হন থারাঙ্গা। শ্রীলংকার যে চারটি উইকেটের পতন ঘটে, তার মধ্যে দু’টিই তাপসের ঝুলিতে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো থারাঙ্গার পার্টনার আভিস্কা গুনাবর্ধনে এই ম্যাচেই প্রথম খেলতে নামেন। আর নেমেই ৫২ রান করে নিজের জাতটা ভালোভাবে চিনিয়ে দিয়েছেন।

শেষ পর্যন্ত দলকে নিরাপদে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সাঙ্গাকারা আর মাহরুফ। কোন রকম অঘটন ছাড়াই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে সমর্থ হলো শ্রীলংকা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও গেছে স্বাগতিক দলের বোলার দিলহারা ফার্নান্ডের দখলে। সিরিজ সেরার পুরস্কার কার দখলে গেছে, সেটা বুঝতে বোধ করি কারও আর বাকি নেই। হ্যাঁ, তিন ম্যাচে ১৭৪ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন উপল থারাঙ্গা।