ভিক্টরের হ্যাটট্রিকের মধ্য দিয়ে মোহামেডানের সঙ্গে শীর্ষ অবস্থানে ব্রাদার্স
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার রাশিয়ান স্ট্রাইকার ভিক্টরের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে ব্রাদার্স ইউনিয়ন ৭-০ গোলে বড় ব্যবধানে হারিয়েছে নবাগত দিপালী যুব সংঘকে। লিগে এটি সপ্তম হ্যাটট্রিক।
এই ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। দু’দলের মধ্যকার লিগের শেষ ম্যাচটি এখন পরিনত হয়েছে লিগের অঘোষিত ফাইনালে। ১৭ ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করা দিপালী যুব সংঘ দ্বিতীয় পর্বে আট ম্যাচে পরাজিত হয়।
ব্রাদার্সের এই জয় লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলে জয়লাভের রেকর্ড। এর আগে লিগের প্রথম পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্র ১০-০ গোলে হারায় ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে। তাছাড়া ভিক্টরেরও লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। দ্বিতীয় পর্বে ঢাকা ওয়ান্ডারার্সের বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক করেন রাশিয়ান এই গোল মেশিন। ১১ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে এখন ভিক্টরই অবস্থান করছেন।
আগের ম্যাচে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে পরাজয়ের পর একতরফা এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায়।
১৯ মিনিটে ব্রাদার্সের হয়ে গোলবন্যার সূচনা করেন লিটন খান। ডান দিক থেকে আচমকা ক্রসে গোল করেন লিটন (১-০)। দশ মিনিট পর গোল সংখ্যা দুইয়ে উন্নীত করে পারভেজ বাবু। এবারও ডান প্রান্ত থেকে লিটনের কাছ থেকে বল পেয়ে দলের দ্বিতীয় গোল করেন পারভেজ বাবু (২-০)।
দ্বিতীয়ার্ধের নয় মিনিটে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোলটি করেন ভিক্টর। স্ট্রাইকার এমিলির পাস থেকে বল পেয়ে দিপালীর বদলী গোলরক্ষক আতিকুলকে কাটিয়ে গোল করেন ভিক্টর (৩-০)।
৬৯ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটিও আসে ভিক্টরের পা থেকে। একক প্রচষ্টায় এই গোল করেন ভিক্টর (৪-০)। ৮০ মিনিটে নিজের হ্যাটট্রিক এবং দলের পঞ্চম গোল করেন এই রাশিয়ান (৫-০)। তিনি মিনিট পর ব্রাদার্সের ষষ্ঠ গোলটিও করেন ভিক্টর (৬-০)। ব্রাদার্সের বদলী প্লে মেকার আবুল সম্পূর্ন একক প্রচেষ্টায় দিপালীর গোলরক্ষক এবং কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে সপ্তম গোল করেন।
