রিয়াল মাদ্রিদে গেলেন রামোস, টটেনহামে জিনাস ও লি
খেলোয়াড় পরিবর্তনের সময়সীমা শেষ হওয়ার শেষ মুহূর্তে বুধবার স্পেনিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ স্বদেশী ডিফেন্ডার সেরগিও রামোসকে ২ কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে দলভূক্ত করেছে।
রিয়াল মাদ্রিদ মাইকেল ওয়েনকে ছেড়ে প্রাপ্ত টাকা দিয়ে স্পেনিশ ডিফেন্ডার রামোসকে ক্রয় করেছে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, সেভিলার কাছ থেকে নিশ্চয়তা পাবার পরই সেরগিও রামোসের সাথে চুক্তি সম্পন্ন করা হয়েছে।
১৯ বছরের দামী খেলোয়াড় রামোস রিয়ালের সাথে আট বছরের চুক্তি করেছেন। রিয়াল মাদ্রিদ ক্লাবের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ সাইনিং মানি নিয়ে রামোস খেলতে চুক্তিবদ্ধ হলেন। আর ২০০০ সালে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা পেরেজ ক্ষমতারোহনের পর এই প্রথম কোন স্পেনিশ ফুটবলার ক্লাবে চুক্তিবদ্ধ হলেন।
ইংল্যান্ডের টটেনহ্যাম হট্স্পার ক্লাব জার্মেইন জিনাস ও লি ইয়ং-পিইয়োকে দলভূক্ত করেছে। জিনাস (২২) সত্তর লাখ পাউন্ডের বিনিময়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে এসেছেন। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার লি এসেছেন বিশ লাখ ইউরোর বিনিময়ে। অপরদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ান ক্লাব স্টাডি রেনিসের কাছে সুইডেনের ডিফেন্ডার এরিক ইডম্যানকে বিক্রি করে দিয়েছে।
