পাতানো ম্যাচ সম্পর্কিত তদন্ত কমিটি বুধবার রিপোর্ট দেবে
চলতি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে পাতানো ম্যাচের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের তারিখ একদিন পিছিয়ে বুধবার নির্ধারন করা হয়েছে।
ওসমান আলী খানের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতানের কাছে পেশ করার কথা ছিল।
এস এ সুলতান বিডিনিউজকে জানান, চুড়ান্ত রিপোর্ট কম্পোজ এবং বাঁধাইয়ের কাজের জন্য আরও একদিন বেশি সময় নিয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির রিপোর্ট শনিবার প্রকাশ করা হতে পারে এবং প্রকাশের আগে ফেডারেশন এ ব্যাপারে আলোচনা করবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
গত ১৬ আগস্ট ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় লিগে পাতানো ম্যাচের অভিযোগগুলো খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
দেশের শীর্ষস্থানীয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্র ১১ আগস্ট ফেডারেশনে এক অভিযোগে জানায়, গতবারের চ্যাম্পিয়ন পয়েন্ট তালিকার নীচের দিকের চারটি দলের সাথে পাতানো ম্যাচ খেলার সাথে জড়িত।
অভিযোগের ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন পেশ করার জন্য কমিটিকে ১২ দিনের সময় দেয়া হয়।
