বিসিসিবি’র নির্বাচনে টিটো, দস্তগীর সহ সভাপতি পদে নির্বাচিত
দু’টি সহ সভাপতি পদ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাকি সবগুলো পদে ‘ক্রিকেট ঐক্য পরিষদ’র ব্যানারে সরকার সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। বহুল আলোচিত ক্রিকেট বোর্ডর নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়।
৩১ সদস্য বিশিষ্ট বিসিসিবি কমিটির নির্বাচনে ২৬ পদেই (সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দু’টি সহ সভাপতি, দু’টি যুগ্ন সম্পাদক এবং ২০ জন সদস্য) জয়লাভ করে ঐক্য পরিষদ। অবশ্য সাধারণ সম্পাদক পদে মাহবুব উল আনাম এবং কোষাধ্যক্ষ পদে আফজালুর রহমান সিনহা পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে ১৬৩ জন কাউন্সিলরের মধ্যে ১৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। আবাহনীর আহমেদ সাজ্জাদুল আলম ববি, ইস্কাটনের মাহমুদুল হক মানু, ব্রাদার্স ইউনিয়নের স্থপতি মোবাশ্বের হোসেন, প্রাক্তন জাতীয় ক্রিকেটার রাকিবুল হাসান, ঢাকা শিক্ষা বোর্ডের এম এ মান্নান হাওলাদার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের হাসনায়েত বিন তারেক ভোট প্রদানে বিরত থাকেন।
সরকার সমর্থিত প্যানেলের বাইরে আজিজ আল কায়সার টিটো, গাজী গোলাম দস্তগীর প্যানেলের প্রার্থী খন্দকার জামিলউদ্দিন (৮২ ভোট) ও শফিকুর রহমান মুন্নাকে (৫৯ ভোট) পরাজিত করে সহ-সভাপতি পদে নির্বাচিত হন। প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহ নুরুল কবির শাহিন এমপি এবং গোলাম রসুল মোল্লা।
৩১ সদস্য বিশিষ্ট বিসিসিবি কমিটির নির্বাচনে, ২৮ পদের জন্য লড়াই হয়। এছাড়া দুই জন সদস্য এবং সভাপতি নিয়োগ করবে যথাক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকার।
এদিকে শুক্রবার মধ্যরাতে ঐক্য পরিষদের সহ সভাপতি প্রার্থী শফিকুর রহমান মুন্নাকে সরিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজিজ আল কায়সার টিটোকে পরিষদের অর্ন্তভুক্ত করার কথা শোনা যায়। নির্বাচনের সকালে এ ব্যাপারে প্যানেলের সদস্যদের দিক নির্দেশনাও দেয়া হয়।
নির্বাচনের পর টিটো বলেন, ‘ঐক্য পরিষদে অর্ন্তভুক্ত করার কথা আমাকে কেউ জানায়নি, আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছি, এখনও তাই আছি।’
সাধারণ সম্পাদক মাহবুব আনাম বলেন, যেহেতু টিটো বলেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেহেতু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসিবে নির্বাচিত হয়েছেন।
প্রবীণ ক্রীড়া সংগঠক শফিকুর রহমান মুন্না নির্বাচনের দিন সকালে পরিষদ থেকে তার নাম বাদ পড়ার সংবাদে অশ্রু সজল চোখে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, আশা করব ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ষড়যন্ত্রের শিকার না হয়।
নির্বাচনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আম্পায়ার কমিটির সম্পাদক সয়লাব হোসেন টুটুল (১৪০)।
নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা ও তাদের প্রাপ্ত ভোট:
সহ সভাপতি : আজিজ আল কায়সার টিটো (১২৬), শাহ নুরুল কবির শাহিন এমপি (৯৫), গাজী গোলাম দস্তগীর (৮৬), গোলাম রসুল মোল্লাহ (৮৫)।
সাধারণ সম্পাদক : মাহবুবু উল আনাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
যুগ্ম সম্পাদক : রফিকুল ইসলাম বাবু (১২৩) এবং রিয়াজ উদ্দিন আল মামুন (১১৯)।
কোষাধ্যক্ষ : আফজালুর রহমান সিনহা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
সদস্য : আহমাদ ইকবাল হাসান (১১৭), মির্জা সালমান ইস্পাহানী (১২১), শামিম কবির (১০৭), এ এস এম ফারুক (১২৩), মিজানুর রহমান (১২৪), লুৎফর রহমান বাদল (১০০), সৈয়দ ফরহাদ আহমেদ (৯৫), সয়লাব হোসেন টুটুল (১৪০), মোহাম্মদ জামাল (১১০), অ্যাডভোকেট শাহিন আফতানুর রেজা চৌধুরী (১১৮), সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (১০৯), আসাদুজ্জামান খসরু (১২১), কাজী মহিউদ্দিন বুলবুল (১১৩), সৈয়দ জাহিদ হোসেন (১০০), এম আর দিদ্দিক লেমন (১২০), কবির আহমেদ ভূঁইয়া (১১৪), আব্দুল কাইয়ুম চৌধুরী (১০৯), মোহাম্মদ শফিকুল ইসলাম (৯৩), আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (১১৬) এবং মোহাম্মদ শহিদুজ্জামান শহিদ (১১৪)।
