ভারতীয় ক্রিকেটারদের দেরীতে আসার জন্য জবাবদিহি করতে হবে
জিম্বাবুয়েতে অবস্থানরত ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা কেন দেরি করে হোটেলে রিপোর্ট করেছে তা জানার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের।
ভারতীয় ক্রিকেট বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে এ রকম বিলম্বে যারা আসবে তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি এস কে নায়ার বলেন, “দলের ক্রিকেটাররা কখন হোটেলে পৌঁছেছে তা রিপোর্ট করার জন্য আমরা দলের ম্যানেজার অমিতাভ চৌধুরিকে বলেছি।” খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নায়ার বলেন, “ম্যানেজারের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর আমরা দোষী ক্রিকেটারদের এ ব্যাপারে বর্ণনা দেয়ার জন্য বলবো। আমরা অনুসন্ধান করে দেখবো তারা কোন বিশেষ কারণে না কি সাধারণ কারণে সময়ক্ষেপণ করেছে। দল দেশে ফেরার পর আমি সিনিয়র ক্রিকেটারদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করবো এবং এ ব্যাপারে বোর্ডের মনোভাব তুলে ধরবো।”
তিনি আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে যারা আমাদের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
