জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের বন্যা
নিউজিল্যান্ড বুধবার ওয়ান ডে ক্রিকেটে ৩৯৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে ১৯২ রানের ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক জিম্বাবুয়েকে। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ভিডিওকন ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কিউই দল রানের এই পাহাড় গড়ে।
সফরকারী নিউজিল্যান্ড ৪৪ ওভারে পাঁচ উইকেটে ৩৯৭ রানের বিশাল স্কোর গড়ে। কিউই ব্যাটসম্যান লু ভেনসেন্ট এবং অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের ২০৪ রানের জুটি নিউজিল্যান্ডকে বিশাল স্কোর দাঁড় করাতে সাহায্য করে।
১৯৯৬ সালে ক্যান্ডিতে কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার পাঁচ উইকেটে ৩৯৮ রানের রেকর্ড নিউজিল্যান্ড মাত্র এক রানের জন্য অতিক্রম করতে পারেনি। তবে শ্রীলঙ্কা রেকর্ডটি করেছিল ৫০ ওভারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ভেনসেন্ট ১২০ বল মোকাবেলা করে ১৭২ রান করেন, যা কিউই ব্যাটসম্যানদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে সর্বেচ্চ রান। এটি তার প্রথম সেঞ্চুরি। দলপতি ফ্লেমিং ৮৭ বল মোকাবেলা করে ৯৩ রান করেন।
বৃষ্টির কারণে ছয় ওভার কমানো হয় এবং ম্যাচ শুরু হতে ৭৫ মিনিট দেরি হয়।
ম্যাচে ১৬টি ছক্কা এবং ৩৯টি বাউন্ডারির মার ছিল।
জবাবে জিম্বাবুয়েনরা ম্যাচের কোনও পর্যায়েই কিউইদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি। মাত্র ৪৩ ওভারেই ২০৫ রানে জিম্বাবুয়ের রানের চাকা থেমে যায়।
জিম্বাবুয়ের ওপেনার ব্রেনডন টেইলর এবং স্টুয়াট কার্লেসিল ওপেনিং জুটিতে ৬২ রানের জুটি গড়ে তোলে।
সাবেক জিম্বাবুয়ের অধিনায়ক হিট স্ট্রিক ৪৫ রান করে দলকে রেকর্ড পরিমান রানের পরাজয় থেকে রক্ষা করেন। এক পর্যায়ে কিউই অফ-স্পিনার ড্যানিয়েল ভেট্টরি ২৯ রানে তুলে নেন তিন উইকেট।
শুক্রবার ভিডিওকন ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে ভারতের।
