জাতীয় ফুটবলের প্রাথমিক পর্বের ছয় ভেন্যুর নাম ঘোষণা
জাতীয় ফুটবল লিগের প্রাথমিক পর্বের জন্য ছয়টি ভেন্যুর নাম ঘোষণা করেছে লিগ কমিটি। বুধবার আরামবাগস্থ বাফুফে ভবনে অনুষ্ঠিত লিগ কমিটির এক সভায় ভেন্যু চুড়ান্ত করা হয়।
প্রাথমিক পর্বের জন্য নির্বাচিত ভেন্যুগুলো হচ্ছে-রাঙ্গামাটি, ফেনী, জামালপুর, নাটোর, ফরিদপুর এবং খুলনা (আলোচনা সাপেক্ষ)। নিটল-টাটা গ্রুপের পৃষ্ঠপোষকতায় পঞ্চম জাতীয় ফুটবল লিগ সারাদেশে একযোগে শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
সভা শেষে জাতীয় ফুটবল লিগ কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানান, দ্বিতীয় পর্বে ভেন্যুর জন্য আবেদনকারী ছয়টি জেলা-রাজশাহী, যশোর, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা এবং কক্সবাজার-থেকে চারটি ভেন্যু আগামী দু’একদিনের মধ্যে স্বাগতিকদের সাথে আলোচনার মাধ্যমে চুড়ান্ত করা হবে।
প্রাথমিক পর্বে অংশগ্রহনকারী ৫৩টি দল অংশগ্রহন ফি বাবদ ১১ হাজার টাকা এবং এই নকআউট পর্বে প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাঁচ হাজার টাকা করে লাভ করবে। এছাড়া দ্বিতীয় পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দল দশ হাজার এবং প্রত্যেক ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পাঁচ হাজার টাকা করে আর্থিক পুরস্কার লাভ করবে।
দশটি দল নিয়ে ৯ নভেম্বর থেকে দ্বিতীয় পর্ব এবং ছয়টি দল নিয়ে ২১ ডিসেম্বর থেকে ঢাকায় সুপার লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।
মালু বলেন, আমরা ২১ ডিসেম্বর থেকে সুপার লিগ শুরু করতে চাচ্ছি, কারণ হচ্ছে ১৮ ডিসেম্বর সাফ ফুটবল সমাপ্ত হওয়ার পর জাতীয় দলের ফুটবলাররা যেন সুপার লিগে অংশগ্রহন করতে পারে।
লিগের দ্বিতীয় পর্বে সরাসরি অংশগ্রহনকারী চারটি দল অন্য যেকোন ক্লাব থেকে চারজন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে, এছাড়া ছয়টি জোনাল চ্যাম্পিয়ন দল যেকোন দল থেকে নিজেদের প্রয়োজনমত খেলোয়াড় সংগ্রহ করতে পারবে। প্রতিটি দলে চারজন করে বিদেশী ফুটবলারও খেলতে পারবে।
মালু জানান, সুষ্ঠুভাবে লিগ পরিচালনার জন্য সভায় দশটি সাব কমিটি গঠন করা হয়েছে।
