২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকি দলের পাকিস্তানি কোচ এবং ট্রেনারের পদত্যাগের কারণ জানতে চাইবে ফেডারেশন

আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে বিষয়টি উত্থাপনের আগে বাংলাদেশ জাতীয় হকি দলের পাকিস্তানি কোচ কামার ইব্রাহিমের কাছে তার আকস্মিক পদত্যাগের কারন জানতে চাইবে হকি ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিমানবাহিনী সদরদপ্তরে মঙ্গলবার হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়।

জাতীয় হকি দলের পাকিস্তানি কোচ কামার ইব্রাহিম এবং ট্রেনার এরশাদ হায়দার গত ১৩ আগস্ট দেশে ফিরে গিয়ে ডাকযোগে তাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী বলেন, আমার মনে হয় তারা (কোচ, ট্রেনার) আর ফিরে আসবে না। আমরা শুধু তাদের কাছে পদত্যাগের কারণ জানতে চাই, আর তাদের জবাব সন্তোষজনক না হলে বিষয়টি আন্তর্জাতিক হকি ফেডারেশনে উত্থাপন করা হবে।

জাতীয় হকি দলের জন্য এই মুহূর্তে ভারতীয় কোচ খোঁজা হচ্ছে বলে জানান বারী। বৈঠকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে জাতীয় হকি লিগ শুরুর সিদ্ধান্তও গৃহিত হয়।

একটি জাতীয় দৈনিকের ক্রীড়া সাংবাদিককে লাঞ্ছিত করা এবং প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় অভিযুক্ত সাবেক হকি খেলোয়াড় কিসমতকে লিখিত ক্ষমাপ্রার্থনাসহ ভবিষ্যতে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য বৈঠক সিদ্ধান্ত নেয়।