২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ডিভিশনে বহাল আরামবাগ

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সম্ভাবনা জিইয়ে রেখেছে আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

লিগের ফিরতি পর্বে সোমবার আরামবাগ ২-০ গোলে হারায় ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে।

এই জয়ের ফলে ১৫ ম্যাচে আরামবাগের সংগ্রহ দাঁড়ালো ১৫ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ইয়ংমেন্সের পয়েন্ট ১১।

বিজয়ী দলের পক্ষে ঘানার স্ট্রাইকার চার্লস ঘানসা এবং মজিবুর রহমান রিতু গোল করেন।

৩৩ মিনিটে ঘানসার গোলে এগিয়ে যায় আরামবাগ। ইয়ংমেন্সের ডিফেন্ডার আরিফুলের দুর্বল হেডটি গোললাইন অতিক্রম করে বাইরে চলে গেলে কর্ণার লাভ করে আরামবাগ। কর্নার কিক থেকে বল পেয়ে আলতো টোকায় গোল করে দলকে লিড এনে দেন ঘানসা। ৩৯ মিনিটে প্রায় ৩৫ গজ দুর থেকে নেয়া রিপন খানের একটি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আরামবাগের গোলরক্ষক শাকিল।

বিরতির পর খেলায় সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ইয়ংমেন্স। বাতেনের শটটি আরামবাগের গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে আর খেলায় ফেরা হয়নি তাদের।

৬৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে ইয়ংমেন্সের দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে বল কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন রিতু।

এদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত থাকায় লিগের খেলা দু’দিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী ২৫ আগস্ট আবাহনী বনাম মোহামেডানের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় লিগ মাঠে গড়াবে। বাকি খেলা বডিলি শিফট হয়ে যাবে।