২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ টেস্টের আগেই জ্বলে উঠল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের সাথে চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচের আগে এক ম্যাচে অসাধারণ খেলে স্বাগতিককদের সতর্ক করে দিয়েছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 03:03 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব নর্দাম্পটনশায়ারের সাথে দুই দিনের প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাটসম্যান সাইমন কাটিচ, জাস্টিন ল্যাঙ্গার, ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ও শন টেইট ব্যক্তিগত নৈপুণ্যে জ্বলে উঠেছেন।

গত চারটি ইনিংসে সর্বসাকুল্যে মাত্র ৪৯ রান করা কাটিচ ৬৩ রান করেন। তার সুন্দর ব্যাটিংয়ের সুবাদে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র দুই উইকেট হারিয়ে ২২৬ রান তোলে। অবশ্য ম্যাচটির ভাগ্যে ততক্ষণে ড্র লেখা হয়ে গেছে।

টেস্টের নিয়মিত মুখ জাস্টিন ল্যাঙ্গার ও ড্যামিয়েন মার্টিন তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ১১৪ রান সংগ্রহ করেন। ল্যাঙ্গার ৮৬ ও মার্টিন ৪৩ রান করেন।

এর আগে ম্যাকগ্রা ও টেইটের মারাত্মক বোলিংয়ের কারণে নর্দাম্পটনশায়ারের প্রথম ইনিংস মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায়। ম্যাকগ্রা ২৪ রানে তিন উইকেট ও টেইট ৫২ রানে দুই উইকেট লাভ করেন।

চতুর্থ টেস্টের অস্ট্রেলিয়া দল থেকে বাজে ফর্মের কারণে ফাস্ট বোলার জ্যাসন গিলেস্পি বাদ পড়তে যাচ্ছেন বলে গুজব শোনা যাচ্ছে, সেক্ষেত্রে শন টেইটকেই অধিনায়ক রিকি পন্টিংয়ের প্রথম পছন্দ ভাবা হচ্ছে। অবশ্য মাঠে নামার আগে টেইটকে মাইকেল কাসপ্রোভিচোর সাথে প্রতিযোগিতা করতে হবে।

টেইটের দিনের প্রথম স্পেলের দূরন্ত বোলিংয়ের কারণে নর্দাম্পটনশায়ারের অপেনার টিম রবার্টস আহত হয়ে অবসর নিতে বাধ্য হন। টেইটের একটি বাউন্সার টিমের বাম চোঁখে আঘাত করলে তিনি অবসর গ্রহণ করেন। এর আগে টিম ১৮ রান করেন।

এর আগে ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ম্যাথু হেইডেন ও মাইকেল ক্লার্কের জোড়া সেঞ্চুরির সুবাদে ছয় উইকেট ৩৭৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। হেইডেন ১৩৬ ও ক্লার্ক ১২১ রান করেন।

নর্দাম্পটনশায়ারের সাথে ম্যাচে গিলেস্পি খেলেননি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া নটিংহ্যামের ট্রেন্টব্রিজ টেস্টে গিলেস্পিকে খেলানো হবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।