অস্ট্রেলিয়াকে হারিয়ে রোবো ট্রফিতে পাকিস্তান জয়ী
বারবার পিছিয়ে থেকে নেদারল্যান্ডে অনুষ্ঠিত রোবো কাপ হকির রোববারের ফাইনাল ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ম্যাচের নয় মিনিটের মাথায় অস্ট্রেলিয়া ব্রুক্সের গোলে এগিয়ে যায়। তবে অস্ট্রেলিয়ার প্রথমে গোল করে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উদযাপন করতে পারেনি। পাকিস্তানি স্ট্রাইকার ইমরান ওয়ারসি ১৭ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় সমতা নিয়ে আসেন।
২৪ মিনিটের মাথায় স্কুবার্ট গোল করে আবার অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন। আদনান জাকির ৩২ মিনিটের মাথায় আবার খেলায় সমতা ফিরিয়ে আনেন। বিরতির মাত্র এক মিনিটি আগে বিশপের গোলে অস্ট্রেলিয়া এগিয়ে গিয়ে প্রথমার্ধ শেষ করে।
পাকিস্তানের হেরান বাট খেলার ৪২ মিনিটের সময় খেলার সমতা ফিরিয়ে আনেন। ৫০ মিনিটের মাথায় মুদাসসির আলী খান পাকিস্তানের পক্ষে জয়সূচক গোলটি করেন।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ২-১ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। অপরদিকে নেদারল্যান্ড ৫-০ ব্যবধানে জার্মানিকে বিধ্বস্ত করে পঞ্চম স্থান অর্জন করে।
