২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও একটি স্টেডিয়াম নির্মানের পরিকল্পনা চলছে : নোমান

মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ্ আল নোমান বলেছেন, চট্টগ্রামে শিগগিরই আরও একটি স্টেডিয়াম নির্মান করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।

২০০৫ সালে ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যসোসিয়েশনের (বিএসজেএ) চট্টগ্রাম শাখা ছয়জন ক্রীড়া ব্যক্তিত্ব ও একটি প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে।

সংবর্ধিত ক্রীড়া ব্যক্তিত্বরা হলেন সংগঠক আবদুল শুক্কুর চৌধুরী (ফুটবল), সংগঠক আলী আব্বাস (ক্রিকেট), সাংবাদিক রেজাউল হক বাচ্চু (মরণোত্তর), সাংবাদিক মাহবুব উর রহমান , ফুটবলার আশীষ ভদ্র (ফুটবল), ক্রিকেটার আফতাব আহমেদ চৌধুরী (ক্রিকেট)। আর ক্রীড়া ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার জন্য সংবর্ধনা দেয়া হয়েছে জেডিসি ইন্টারন্যাশনাল লিমিটেডকে।

সংবর্ধিত ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠনকে সন্মাননা স্বরূপ বিএসজেএ চট্টগ্রাম শাখার মনোগ্রাম সংবলিত ক্রেস্ট দেয়া হয়।

বিএসজেএ চট্টগ্রাম শাখার সভাপতি সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল্লাহ আল নোমান বলেন , সরকার চট্টগ্রামে ক্রীড়ার উন্নয়নের লক্ষ্যে আরও একটি স্টেডিয়াম (৩য়) নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

ক্রীড়াঙ্গনের সুস্থ পরিবেশের স্বার্থে তিনি খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখারও আহ্বান জানান।

মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বিএসজেএ চট্টগ্রাম শাখার কল্যাণ ফান্ডে ২০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সংবর্ধিত ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল শুক্কুর চৌধুরী, আলী আব্বাস, মাহবুব উর রহমান প্রমুখ।