জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হচ্ছে সেপ্টেম্বরে
পাকিস্তানে আসন্ন সাফ ফুটবলে অংশগ্রহনের জন্য জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে সেপ্টেম্বরে।
চলতি প্রিমিয়ার ফুটবলের আসর সমাপ্ত হবে ৫ সেপ্টেম্বর। আর লিগ শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যেই মাঠে নেমে পড়বেন ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকে অংশগ্রহন শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাংবাদিকদের জানান, বিকেএসপিতে নতুন ফুটবল কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির তত্ত্বাবধানে কন্ডিশনিং ক্যাম্প চলবে ৪০ দিন।
হেলাল জানান, নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবলের প্রথমিক রাউন্ডের খেলা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। তবে এই রাউন্ডের ভেন্যু এখনও চুড়ান্ত হয়নি।
এছাড়া জেএফএ কাপ অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট সেপ্টেম্বর থেকে পিছিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
নির্বাহী কমিটির বৈঠকে আরও জানানো হয়, ৬০ টি স্কুল নিয়ে স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ২৫ আগস্ট থেকে এবং এএফসি কাপের জন্য অনুর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-২০ ফুটবল দল দিনাজপুর বিকেএসপিতে অনুশীলন করবে।
