দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রোববার ঢাকা ছাড়ছেন আশরাফুল, মাশরাফি
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আফ্রো এশিয়া কাপে অংশগ্রহনের উদ্দেশ্যে রোববার ঢাকা ছাড়ছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় দলের অন্যতম স্ট্রাইক বোলার মাশরাফি বিন মুর্তজা।
তিন ম্যাচ সিরিজে অংশগ্রহন শেষে ২৩ আগস্ট দেশে ফিরবেন তারা। ফিরেই শ্রীলংকাগামী জাতীয় দলে যোগ দেবেন দুই ক্রিকেটার। ২৫ আগস্ট কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল।
আফ্রো এশিয়া কাপে এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদশের মধ্যে অনুষ্ঠেয় তিনটি দিবারাত্রি ম্যাচের প্রথমটি ১৭ আগস্ট সেঞ্চুরিয়ানে, বাকি দু’টি ম্যাচ ২০ ও ২১ আগস্ট কিংসমেড ডারবানে অনুষ্ঠিত হবে। আশরাফুল এবং মাশরাফি টুর্নামেন্টে এশিয়া একাদশের হয়ে খেলবেন।
এর আগে অবশিষ্ট বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলার জন্য ২০০১ সালে জাভেদ ওমর এবং ২০০৫ সালে অলোক কাপালী এশিয়া একাদশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাছাড়া ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের জাহাঙ্গীর শাহ বাদশা বিশ্ব একাদশের হয়ে খেলার সুযোগ লাভ করেন এবং সেসময় দু’টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন বাদশা।
কাপালী এবং জাভেদ ওমর এশিয়া একাদশের হয়ে মাঠে নামার সুযোগ না পেলেও এবার আশরাফুল আর মাশরাফির তেমনটা না হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কারণ এশিয়া একাদশের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় বিভিন্ন কারনে দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের মাঠে নামার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ এসেছে।
এতে অনেকেই মনে করছেন তারকা খেলোয়াড়রা অনেকেই না থাকায় আফ্রো এশিয়া কাপের জৌলুষ আর বজায় থাকবে না।
টুর্নামেন্টে এশিয়া একাদশের হয়ে মাঠে নামার সুযোগ পেলে তাকে শ্রীলংকা সফরের প্রস্তুতি হিসেবে কাজে লাগাবেন আশরাফুল। এ বিষয়ে আশরাফুল বলেন, এশিয়া একাদশের হয়ে মাঠে নামার সুযোগ পেলে আমি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করব। এর পাশাপাশি ইংল্যান্ডে ন্যাট ওয়েস্ট সিরিজে তার যে পারফরম্যান্স তা ধরে রাখারও চেষ্টা চালাবেন বলে জানান লিটল মাষ্টার আশরাফুল। একই মনোভাব পেসার মাশরাফিরও। নিজের বোলিংয়ের মাধ্যমে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তার মূল লক্ষ্য, যদি সেরা একাদশে খেলার সুযোগ মেলে।
