প্রিমিয়ার ফুটবলে বুধবার মুক্তিযোদ্ধা - আবাহনী ম্যাচ, দুই শিবিরে ভিন্ন ভাবনা
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে পড়া দুই দল আবাহনী লিমিটেড আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বুধবার লিগে দ্বিতীয়বারের মত মুখোমুখি হচ্ছে।
দু’দলের মধ্যেকার লিগের ফিরতি পর্বের প্রথম বড় ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হবে। বুধবারের ম্যাচটি পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার জন্য যতটা গুরুত্বপূর্ন, আবাহনীর জন্য ততটা নয়। বিষয়টি সম্পর্কে দু’দলের খেলোয়াড় - কর্মকর্তাদের বক্তব্যেও আভাস পাওয়া গেছে।
আবাহনীর বিরুদ্ধে পুরো পয়েন্ট পেলেই কেবল শিরোপা দৌড়ে ফেরার ক্ষীণ সুযোগ আছে বলে মনে করেন মুক্তিযোদ্ধার অধিনায়ক আমিনুল।
আমিনুল বিডিনিউজকে বলেন, আমরা এই মুহূর্তে ব্রাদার্স আর মোহামেডানের চাইতে অনেক পিছিয়ে পড়েছি, এই অবস্থায় লিগ শিরোপা ঘরে তুলতে চাইলে পরবর্তী পাঁচ ম্যাচের সবকটিতেই জয় ছাড়া কোন বিকল্প নেই।
অন্যদিকে মুক্তিযোদ্ধাকে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানটি দখল করাই এখন আবাহনীর মূল লক্ষ্য বলে জানান দলের ম্যানেজার সত্যজিত দাস রূপু। বিডিনিউজের সাথে আলাপকালে রূপু বলেন, ফরাশগঞ্জকে হারিয়ে তৃতীয় স্থান দখলের একটি সুযোগ আমাদের সামনে ছিল, কিন্তু আমরা তাতে সফল হইনি। যেহেতু তৃতীয় স্থানটি মূল লক্ষ্য, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয়ই চান রূপু।
প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সম্পর্কে সাবেক এই ফুটবলার বলেন, মুক্তিযোদ্ধা অবশ্যই শক্তিশালী দল কারণ প্রথম পর্বে তারা আমাদের ২ - ০ গোলে হারিয়েছে। দ্বিতীয় পর্বের ম্যাচে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে।
১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে লিগের ফিরতি পর্বে যাত্রা শুরু করে মুক্তিযোদ্ধা। অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের তত্ত্বাবধানে অন্য দলগুলোর সাথে তারা পয়েন্টের ব্যবধান কমাতে সক্ষম হলেও পরবর্তীতে শেখ রাসেলের বিরুদ্ধে চার গোলের বড় পরাজয় শিরোপা লড়াই থেকে আবারও তাদের দুরে ঠেলে দেয়। ফিরতি পর্বের চার ম্যাচে তাদের জয় তিনটিতে।
বিপরীতে আবাহনী প্রথম পর্বের ১৩ ম্যাচের পুঁজি ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্ব শুরু করে। কিন্তু এই পর্বে এসে আবাহনী যেন ক্রমাগত হারিয়ে যেতে থাকে। ইতিমধ্যে তারা নীচু সারির দুই দলের বিরুদ্ধে চারটি মূল্যবান পয়েন্ট হারিয়েছে।
বুধবারের ম্যাচে সম্ভাব্য দল সম্পর্কে রূপু জানান, দলে যেহেতু কোন ইনজুরি এবং নিষেধাজ্ঞা নেই, তাই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে পুরো শক্তির দল নিয়েই মাঠে নামবে আবাহনী।
কিন্তু আবাহনীর মত অতটা সুখকর অবস্থায় নেই মুক্তিযোদ্ধা। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ছোট বড় ইনজুরিতে ভুগছেন বলে জানালেন আমিনুল।
তিনি বলেন, নতুন কোচের তত্ত্বাবধানে আমরা প্রচন্ড চাপের মধ্যে রয়েছি, নাইজেরিয়ান জেরিমিয়াহসহ অধিকাংশ খেলোয়াড়ই ছোটখাট ইনজুরিতে আক্রান্ত। তিনি নিজেও পিঠের ব্যথায় ভুগছেন বলে জানালেন আমিনুল।
মৌসুমে এটা হবে দু’দলের মধ্যে চতুর্থ লড়াই। আগের তিনটি লড়াইয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ঢাকায় স্বাধীনতা কাপ ফুটবল ও প্রিমিয়ার লিগে আবাহনীকে পরাজিত করে। অন্যদিকে রাজশাহী স্বাধীনতা কাপ ফুটবলে আবাহনী এক গোলে হারায় মুক্তিযোদ্ধাকে।
