বাফুফে প্রধানমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে আগামী বছর
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০০৬ সালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। ফেডারশেনের সভাপতি এস এ সুলতান এমপি সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, আগামী বছর ২১ জনুয়ারি থেকে ৫ ফেব্র“য়ারির মধ্যে এই ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে আটটি বিদেশী দল। কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের এই সংখ্যা বাড়তে অথবা কমতেও পারে। তবে দলের সংখ্যা ১২ তে স্থির রাখার চেষ্টা করা হবে। টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য বাফুফে সম্ভাব্য দেশগুলোতে আমন্ত্রনপত্র পাঠাবে।
ফেডারেশনের সভাপতি এস এ সুলতান জানান, ইরান, সিরিয়া, কাতার, আরব আমিরাত, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ভিয়েতনাম ও ভারতের নামকরা ক্লাবগুলোকে টুর্নামেন্টে খেলার আমন্ত্রন জানানো হবে।
সার্কভুক্ত দেশ মালদ্বীপের ব্যাপারে জানতে চাওয়া হলে এস এ সুলতান বলেন, মালদ্বীপকেও আমন্ত্রন জানানো হবে। স্থানীয় দলগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে বাফুফে সভাপতি বলেন, টুর্নামেন্টে স্থানীয় দলগুলোর অংশগ্রহণের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
যেহেতু প্রধানমন্ত্রী কাপ ফুটবল টুর্নামেন্ট হবে আমন্ত্রনমূলক, সেহেতু অংশগ্রহণকারী দলগুলোর সব ব্যয় বহন করবে ফুটবল ফেডারেশন।
টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফে সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চুকে প্রধান করে ইতোমধ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
টুর্নামেন্টের বাজেট প্রসঙ্গে এস এ সুলতান জানান, সমন্বয় কমিটি ৮ আগস্ট থেকে তাদের কাজ শুরু করবে, ফান্ডের ব্যাপারে এই কমিটিই সিদ্ধান্ত নেবে। টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ ঢাকার বাইরেও অনুষ্ঠিত হতে পারে বলে জানান বাফুফে সভাপতি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিজেদের মত করে পাওয়ার পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ধরনের একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী কপ ফুটবল আয়োজনের উদ্যোগ নেয়া হয়।
সংবাদ সম্মেলনে ফুটবল ফেডারেশনের দুই সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, সহ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও আনোয়ার হোসেন উজ্জ্বল উপস্থিত ছিলেন।
