ফরাশগঞ্জের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার কষ্টার্জিত জয়
প্রিমিয়ার ব্যাংক প্রিময়ার ডিভিশন ফুটবল লিগে শনিবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩ - ২ গোলের এক কষ্টার্জিত জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ। আর এই জয়ের মধ্য দিয়ে পুনরায় শিরোপা লড়াইয়ে ফেরার আশা জাগিয়েছে মুক্তিযোদ্ধা।
ফরাশগঞ্জের বিরুদ্ধে এই জয় মুক্তিযোদ্ধাকে নিয়ে গেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। শীর্ষ দল ব্রাদার্স ইউনিয়নের চাইতে তারা এখনও সাত পয়েন্টে পিছিয়ে রয়েছে। আর দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট সমানসংখ্যক খেলায় ৩১। অন্যদিকে এবারের প্রিমিয়ারে বিস্ময়জাগানিয়া দল ফরাশগঞ্জ ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।
আগের ম্যাচে শেখ রাসেলের বিরুদ্ধে চার গোলে হার মানা মুক্তিযোদ্ধা সংসদ এই ম্যাচেও নবাগতদের কাছে আত্মসমর্পন করেছিল, কিন্তু প্রাপ্ত তিনটি সুযোগকে গোলে পরিণত করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয়।
অন্যদিকে আগের ম্যাচে আবাহনীকে রুখে দেয়া ফরাশগঞ্জ এই ম্যাচেও মুক্তিযোদ্ধার পয়েন্টে ভাগ বসাতে পারতো কিন্তু অতিরিক্ত সময়ে শুধুমাত্র স্ট্রাইকারদের ব্যর্থতায় তা সম্ভব হয়নি।
ম্যাচের তিন মিনিটেই বিদ্যুতের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ফরাশগঞ্জের গোলসীমানার বাইরে থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন বিদ্যুৎ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় ফরাশগঞ্জ। নাইজেরিয়ান ফেলিক্স মুক্তিযোদ্ধার রজনী কান্তকে কাটিয়ে বল ফেলেন বিপদসীমানার মধ্যে, আর তাতে টোকা দিয়ে বলকে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেন ওদাফ।
৬৭ মিনিটে দক্ষিণ আফ্রিকার নওয়াচুকু পলের সহযোগিতায় হেডের সাহায্যে গোল করে আবারও মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন কাঞ্চন। ছয় মিনিট পর আরেকটি চমৎকার হেডের সাহায্যে দলের পক্ষে তৃতীয় এবং লিগে নিজের প্রথম গোলটি করেন মুক্তির বদলী স্ট্রাইকার মনি।
এরপরই মুক্তির সীমানায় হামলে পড়ে ফরাশগঞ্জের আক্রমন। ৭৮ মিনিটেই গোল পেত ফরাশগঞ্জ। কিন্তু একেবারে গোলমুখ থেকে ওদাফের শটটি চমৎকার দক্ষতায় ফিরিয়ে দেন দেশসেরা গোলরক্ষক আমিনুল। শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময়ের চুড়ান্ত মুহূর্তে ব্যবধান কমান ওদাফ।
