অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৪ রানের লিড নিয়েছে ইংল্যান্ড
অ্যাজবাস্টনে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৪ রানে লিড নিয়েছে।
অ্যাশলে জাইলস এবং এন্ড্রু ফ্লিনটফ অস্ট্রেলিয়ান ইনিংসের ধ্বস নামান। তারা দুজনেই তিনটি করে উইকেট পান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩০৮ রানেই থেমে যায়। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রান সংগ্রহ করে।
অসিদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন জাস্টিন ল্যাঞ্জার। অসি অধিনায়ক রিকি পন্টিং ৬১ রান করেন।
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৫ রান তুলেই এক উইকেট হারায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমেই দিনের শুরুতে উইকেট হারায়। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ম্যাথু হেইডেন ইংলিশ বোলার হগার্ডের বল হাফ-ড্রাইভ করে মারতে গিয়ে শট এক্সট্রা কভারে দাড়ানো স্ট্রাসের হাতে ক্যাচ তুলে দেন। টেস্ট ম্যাচে এটিই হেইডেনের প্রথম গোল্ডেন ডাক।
কিছুক্ষন পর পন্টিং রানের চাকা সচল রাখতে গিয়ে রান আউট হতে গিয়েও বেঁচে যান। কেভিন পিটারসন কভার থেকে বল কুড়িয়ে মারলেও তা তিনি স্ট্যাম্পে লাগেনি।
ইংলিশ স্পিনার অ্যাশলে জাইলস তুলে নেন রিকি পন্টিংয়ের উইকেটটি। জাইলসের বল সুইপ করতে গিয়ে ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের হাতে ধরা দেন পন্টিং। রিকি পন্টিং ৭৬ বল মোকাবেলা করে ৬১ রান করেন, যার মধ্যে ১২টি বাউন্ডারি আছে।
ডেমিয়েন মার্টিনের ভাগ্যও সহায় হয়নি। তিনি রান আউট হন।
ক্রিজে টিকে থাকার চেষ্টা চালিয়ে যান ক্লার্ক এবং ল্যাঙ্গার এবং মিডল সেশনে এ জুটি ৭৬ রান যোগ করেন।
ক্লার্ক সাধারনত স্পিন খেলতে সাচ্ছন্দ্য বোধ করলেও জাইলসের একটি বল মারতে গিয়ে তিনি উইকেটকিপার জোন্সের হাতে ধরা দেন।
সিমোন ক্যাটিচকে ব্যক্তিগত চার রানেই ফিরিয়ে দেন ফ্লিনটফ।
চা বিরতির পর ল্যাঙ্গার এবং অ্যাডাম গিলক্রিস্ট জুটি গড়ে তোলার চেষ্টা করেন। এই জুটি ৫৪ রান যোগ করেন। ল্যাঙ্গার ইংলিশ বোলার জোন্সের ইর্য়কার বলের ফাঁদে পড়ে এবিডব্লিউ হন।
অসি স্পিনার শেন ওয়ার্নকে ব্যক্তিগত আট রানের মাথায় ফিরিয়ে দেন ইংলিশ স্পিনার জাইলস।
গিলেস্পি এবং ক্যাসপ্রোইচকে ফিরিয়ে দেন ফ্লিনটফ।
