প্রিমিয়ার ফুটবলে আবারও পয়েন্ট খুইয়েছে আবাহনী
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবারও পয়েন্ট খুইয়েছে আবাহনী লিমিটেড। তবে হেরে নয়, বুধবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাথে গোলশুন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে আবাহনী।
১২ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে আবাহনী বলা যায় শিরোপা লড়াই থেকে এক প্রকার ছিটকেই পড়েছে। পয়েন্ট তালিকার শীর্ষ দল চীরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাথে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১০ এ।
অন্যদিকে প্রথম পর্বেও আবাহনীর পয়েন্টে ভাগ বসানো ফরাশগঞ্জের পয়েন্ট সমানসংখ্যক ম্যাচে ১৭।
চাড়ই উৎরাইয়ের মধ্য দিয়ে লিগে পথচলতে থাকা আবাহনী এদিন পূর্ন শক্তির দল মাঠে নামিয়েও ফরাশগঞ্জের বিরুদ্ধে গোছানো খেলা উপহার দিতে র্ব্যথ হয়। দুই ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন অধিনায়ক জয়, সাথে ছিলেন তিন বিদেশী। কিন্তু তারপরও মাঠে উপস্থিত হাজার তিনেক দর্শকের মন ভরাতে পারেনি তাদের খেলা।
বিপরীতে গোছানো খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেয়ার পাশাপাশি ম্যাচ জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল ফরাশগঞ্জ। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে তাদের।
৩৬ মিনিটে আবাহনীর ঘানার স্ট্রাইকার মোহাম্মদ আওদু ইব্রাহিমের দুর্বল শটটি সহজেই ক্লিয়ার করেন ফরাশগঞ্জের ডিফেন্ডার ফয়সাল।
তিন মিনিট পর ফরাশগঞ্জের ওয়ালিদের একটি শট অল্পের জন্য আবাহনীর গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। ফরাশগঞ্জের গোলের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া হয় ৬২ মিনিটে। ফেলিক্সের ক্রসে ওয়ালিদের নেয়া হেডটি একেবারে গোললাইন থেকে ক্লিয়ার করেন আবাহনীর ডিফেন্ডার প্রদীপ।
দিনের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৩ - ১ গোলে হারায় দিপালী যুব সংঘকে।
