ওয়ানডেতে ১০ হাজার রান পূরনের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরলেন গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলির অর্ধ শতক আর শেষ দিকে ইরফান পাঠানের ৩৬ রানের একটি বিস্ফোরক ইনিংসে ভর করে ভারত ইন্ডিয়ান অয়েল কাপের চতুর্থ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ২২১ রানের জয়ের টার্গেট ছুঁড়ে দিয়েছে।
তবে ম্যাচে ভারত বরাবরের মত আবারও মিডল অর্ডারের ব্যর্থতার শিকার হয়েছে। টসে জিতে ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শ্রীলংকান বোলার মাহরুফের প্রথম ওভারেই বাউন্ডারির মাধ্যমে ইনিংসের গোড়াপত্তন করেন ভারতীয় ওপেনার বিরেন্দর শেওয়াগ।
কিন্তু দলীয় ৬৭ রানে জয়প্রকাশধরন শেওয়াগ ঝড় থামিয়ে দেন। ৩২ রান করে আউট হয়ে যান শেওয়াগ। এই অবস্থা থেকে দলীয় রান ১১৭ এ নিয়ে যান সাবেক অধিনায়ক গাঙ্গুলি আর ভিভিএস লক্ষ্মণ। তবে রান করার চাইতে দুই জনই ইনিংসের মেরামতের প্রতি মনোযোগ দেন। ফলে রানও উঠে ধীরগতিতে। লক্ষ্মণ ৪৩ বলে ২২ রান করে দিলশানের বলে বোল্ড হলেও অন্য প্রান্তে গাঙ্গুলি তখনও অবিচল।
ব্যক্তিগত ৩৭ রানের সময়ই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে গাঙ্গুলি ওয়ানডে ক্রিকেটে দশহাজার রানের মাইল ফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত ১১০ বলে ৫১ রান করে চন্দনার বলে বোল্ড হয়ে যান কলকাতার যুবরাজ। আর এই রান করার পথে পাঁচটি বাউন্ডারি হাঁকান গাঙ্গুলি।
এরপর ভারতের মিডল অর্ডার যেন হঠাৎই ধ্বসে পড়ে শ্রীলংকান বোলারদের তোপের মুখে। শুধুমাত্র নবীন সুরেশ রায়না ৪৮ বলে ৩৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। শেষদিকে ব্যাট হাতে ইরফান পাঠান মাত্র ২৮ বলে পাঁচটি চারের সহায্যে ৩৬ রানের একটি ঝড়ো ইনিংস খেললে শেষ পর্যন্ত ভারত আট উইকেট খুইয়ে ২২০ রানের সম্মানজনক স্কোর করতে সক্ষম হয়। শ্রীলংকান বোলারদের মধ্যে দিলশান চার উইকেট নিয়ে ছিলেন সফল বোলার।
