অবশেষে নিজেদের ঠিকানা খুঁজে পেল ক্রিকেটাররা
জাতীয় দলের ক্রিকেটাররা অবশেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে ইনডোর ও আউটডোর সুবিধাসহ একটি পূর্নাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সের সুবিধা লাভ করল।
রোববার শ্রীলংকাগামী বাংলাদেশ ক্রিকেট দলের ইনডোর ও আউটডোর অনুশীলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল মিরপুর প্র্যাকটিস কমপ্লেক্স।
আর্মি স্টেডিয়ামে ছয়দিন ফিটনেস ট্রেনিংয়ের পর এদিনই ক্রিকেটাররা মিরপুরে নেট অনুশীলন করে। দুই ঘন্টার ঘাম ঝরানো অনুশীলনে ১৩ ক্রিকেটার শর্ট ক্যাচ, সাইড ক্যাচ, বোলিং এবং নেট অনুশীলন করেন। তাছাড়া অধিনায়ক হাবিবুল বাশার আর লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুল ইনডোরে বোলিং মেশিনের সহায়তায় ব্যাটিংটাও ঝালিয়ে নেন। এ সময় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দেখতে মিরপুর স্টেডিয়ামে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ভীড় জমায়।
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ইনডোর আর আউটডোর সুবিধা পাওয়ার পর খেলোয়াড়রা এবারই প্রথম ঢাকায় এই সুবিধা লাভ করল।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামকে ঘিরে যে ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে তারই অংশ বিশেষ হচ্ছে এই ইনডোর আর আউটডোর। আটটি উইকেট আর ছোট একটি অনুশীলন মাঠ নিয়ে গড়ে তোলা হয়েছে আউটডোর সুবিধা। অন্যদিকে দু’টি পেস বোলিং এবং একটি স্পিন বোলিং উপযোগি উইকেট রয়েছে ইনডোরে।
অনুশীলনের পর জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার কমপ্লেক্সের সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন পর আমাদের একটা নিজস্ব ঠিকানা হয়েছে এতে আমি খুশি এবং দেশের ক্রিকেটের উন্নয়নে এটা খুবই ইতিবাচক একটি পদক্ষেপ। এতে করে ক্রিকেটারদের অনুশীলনে নতুন মাত্রা যোগ হবে বলে জানান বাশার।
প্রথম দিনের অনুশীলন সম্পর্কে বাশার জানান, প্রথম দিন উইকেট যেভাবে আচরন করেছে এবং যে ধরনের বাউন্স পাওয়া গেছে সেটা মন্দ নয়। নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে এটা আরও ভালো অবস্থায় আসবে।
জাতীয় দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন মনে করেন বৃষ্টির সময় বিশেষ করে অফ সিজনে এই কমপ্লেক্স ক্রিকেটারদের দারুনভাবে সহযোগিতা করবে। এর ফলে একজন ক্রিকেটার ইনডোরে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যেতে পারবে, তাছাড়া বৃষ্টির দিনগুলোতে আউটডোর অনুশীলনও আর ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।
জাতীয় দলের সহ অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ইনডোর প্র্যাকটিস কমপ্লেক্স রক্ষনাবেক্ষনের উপর জোর দেন। মাসুদ বলেন, কমপ্লেক্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কর্তৃপক্ষের উচিত নিয়মনীতি প্রনয়ন করা।
ক্রিকেট কমপ্লেক্স সম্পর্কে কোচ ডেভ হোয়াটমোর বলেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছেড়ে আসার পর এই প্রথম ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করল এবং এর ফলে জাতীয় দল, এ দল এবং অনুর্ধ্ব ১৯ দল সত্যিকার অর্থেই উপকৃত হবে। তিনি আরও বলেন, বৃষ্টির সময়ও দলের অনুশীলন থেমে থাকবে না। কারণ ইনেডারে আমরা বোলিং মেশিনের সাহায্যে অনুশীলন চালিয়ে যেতে পারব।
এক প্রশ্নের জবাবে হোয়াটমোর জানান, মিরপুর স্টেডিয়ামের নির্মান কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত দলের ফিল্ডিং অনুশীলনটা বিকেএসপিতেই চালিয়ে যেতে হবে।
