২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা থাকলেও এগিয়ে নিতে হবে দেশের মহিলা ফুটবলের যাত্রা

বেশ কয়েকটি ধর্মীয় মৌলবাদী সংগঠনের প্রতিবাদের মুখেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা’র ভিশন বাংলাদেশকে কার্যকর করতে গত বছর মহিলা ফুটবলের যুগে পা রাখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

মৌলবাদীদের হুমকি সত্ত্বেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে সময় সফলভাবে প্রতিযোগিতার আয়োজন করে দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠির প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়।

প্রথমবারের মত আটটি দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজনে সরকার তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ মহিলা ফুটবল দল।

এএফসি কাপে বাংলাদেশ প্রতিপক্ষ হংকং, গুয়াম এবং জাপানের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে না পারলেও এএফসি কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা নিয়ে দেশে ফেরেন। মাত্র পাঁচ মাসের প্রশিক্ষণ নিয়ে দেশের মহিলা দলটি স্বল্প সময়ের নোটিশে কোরিয়া উড়ে যায়। টুর্নামেন্টে বাংলাদেশ মহিলা ফুটবল দল হংকংয়ের বিরুদ্ধে ৩-২, গুয়ামের বিরুদ্ধে ১-০ এবং জাপানের বিরুদ্ধে ২৪-০ গোলে হার মানে।

মহিলা ফুটবল দলের সাথে কোরিয়া ও ভারত সফরকারী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির সদস্য সৈয়দা মাহবুবা করিম মিনি এএফসি কাপে অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে বিডিনিউজকে জানান, “ টুর্নামেন্টে আমরা হংকং ও গুয়ামের বিরুদ্ধে জয়ের অবস্থানে থেকেও শুধুমাত্র অভিজ্ঞতার অভাব ও সঠিক সময়ে কোচের খেলোয়াড় পরিবর্তন না করায় হার মানতে হয়েছে।”

মহিলা ফুটবল কমিটির আরেক সদস্য ফরিদা বেগম দলের খেলোয়াড়দের মান সম্পর্কে বলেন,“ যেখানে আমাদের পর্যাপ্ত মহিলা ফুটবলারই নেই, সেখানে তো খেলোয়াড়দের মানের প্রশ্ন অবান্তর।” ফুটবল সম্পর্কে যথেষ্ঠ জ্ঞানের অভাব থাকা সত্ত্বেও এ্ফসি কাপে বাংলাদেশ মহিলা ফুটবল দল হংকং ও গুয়ামের বিরুদ্ধে ভালো খেলেছে বলে জানান ফরিদা বেগম।

কমিটির সদস্য মিনি জানান, হ্যান্ডবল, ভলিবল, সাঁতার অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় নিয়ে মহিলা ফুটবল দল গড়া হয়েছে। ফলে এদের নিয়ে ফুটবল খেলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে নতুন মহিলা ফুটবলার তৈরি করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শিগগিরই পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার উপজাতী মহিলাদের জন্য ফুটবল প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু বিডিনিউজকে এ কথা জানিয়েছেন।

তাছাড়া আগস্ট-সেপ্টেম্বরে ঢাকায় স্কুল ফুটবল আয়োজনেরও পরিকল্পনাও ফেডারেশনের রয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বাচ্চু। দেশের মহিলা ফুটবল পর্যবেক্ষণ করতে জুনের ১৯ তারিখে ফিফার প্রতিনিধি জিলানীর ঢাকা সফরের সময় বেশ কয়েকটি স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

মহিলা ফুটবল আয়োজনের জন্য ফেডারেশন ফিফার কাছ থেকে ২৫ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা পেয়েছে। মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান জানান, এই অর্থ দিয়ে দেশের মহিলা ফুটবল দলের প্রশিক্ষণ, টুর্নামেন্ট আয়োজন এবং বিদেশ সফরের আয়োজন করা অসম্ভব। তবে তিনি জানান, দেশের মহিলা ফুটবলের উন্নয়নের জন্য সরকার ইতিমধ্যে এগিয়ে এসেছে এবং ফিফাও তাদের আর্থিক সহযোগিতার পরিমান বৃদ্ধি করেছে।

এতসব আশা আর স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় বাধা দেশের সামাজিক সাংস্কৃতিক অবস্থা। এএফসির প্রতিবেদনেও বার বার উচ্চারিত হয়েছে এই বাধার কথা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, “কিছু কিছু জেলায় মহিলা ফুটবল জনপ্রিয় হলেও সামাজিক ও সাংস্কৃতিক বাধার কারণে এই ক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং মহিলা ফুটবলে সরকারের সহযোগিতাও পর্যাপ্ত নয়।”

এএফসির মূল্যায়ন সম্পর্কে বাচ্চু বলেন, “ আমরা যদি প্রমান করতে পারি ফুটবলে মেয়েরা নিরাপদ তাহলে অভিভাবকরাও তাদের সন্তানদের স্বেচ্ছায় ফুটবল খেলতে দেবে।”

একাধারে ভলিবল খেলোয়াড় এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের স্ট্রাইকার হাসিনা বেগম ও গোলরক্ষক মিনা খাতুন মোনা বিডিনিউজকে জানান, শৈশব থেকেই তারা পরিবারের উৎসাহেই বিভিন্ন খেলার সাথে জড়িত তাই তাদের ফুটবল খেলতে কোনধরনের সামাজিক বাধার সম্মুখীন হতে হয়নি।

তবে তারা জানান, এএফসি কাপের প্রস্তুতিগ্রহণকালে সামাজিক বাধার কারণেই দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে বাধ্য হন মহিলা ফুটবল দলের দুই সদস্য শামিমা ও মেরী।

মহিলাদের ফুটবল খেলায় যদিও কোন খারাপ কিছু নেই তারপরও এ ব্যাপারে অভিভাবক ও প্রতিবেশীদের ভ্রান্ত ধারনা দুর করার পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন মিনি।

১৯৮৬ সালে ক্রিকেটের সাথে যুক্ত এই কৃতি ক্রীড়া সংগঠক জানান, মহিলা ফুটবল দল দেশের বিভিন্ন জেলায় প্রদর্শনী ম্যাচ খেলেছে এবং এই সব প্রদর্শনী ম্যাচ দেখার পর অভিভাবকরা তাদের মেয়েদের ফুটবল খেলতে উৎসাহ দিচ্ছে।

এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মহিলা ফুটবলার, কোচ, রেফারী এবং সংগঠকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মহিলা ফুটবলকে এগিয়ে নেওয়া, জনপ্রিয় করে তোলা এবং পদ্ধতিগতভাবে এর উন্নয়নের পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।