শেখ রাসেলের পয়েন্টে ভাগ বসালো ব্রাদার্স ইউনিয়ন
ম্যাচ হারেনি ব্রাদার্স ইউনিয়ন কিন্তু প্রায় হারতে বসা ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে। নয়জনের দল শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে রোববার পুরো শক্তির দল নিয়েও জিততে পারেনি শিরোপা প্রত্যাশী ব্রাদার্স। শেষ পর্যন্ত ২ - ২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় গতবারের চ্যাম্পিয়নদের। তবে সেটাও হয়েছে অনেকটা ভাগ্যের জোরে।
শেখ রাসেলের পক্ষে উইংগার তানভীর ও স্ট্রাইকার আবদেল মাজিদ এবং ব্রাদার্সের পক্ষে এমিলি ও সুজন গোল করেন।
প্রথম পর্ব শেষে নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে গত বারের রানার্স আপ শেখ রাসেল ১২ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে ষষ্ঠ স্থানে।
শেখ রাসেল সমর্থকরা যে মুহূর্তে বিজয় উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছিল সেই মুহূর্তে মাত্র দশ মিনিটের ব্যবধানে বিনা মেঘে বজ্রপাতের মত তাদের নিয়মিত গোলরক্ষক বিপ্লব এবং অধিনায়ক মরোক্কান ইগির মোহাম্মদ ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরলে রেফারী লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন। ৮০ মিনিটে গোলরক্ষক বিপ্লব বক্সের বাইরে ব্রাদার্সের একটি আক্রমন রুখতে গিয়ে হাত দিয়ে বল ধরলে লাল কার্ড পান আর ব্রাদার্সের তপুর একটি হেড গোলে ঢোকার মুখে হাত দিয়ে ফেরালে লাল কার্ড দেখেন ইগির।
প্রিমিয়ার লিগে প্রথমবারের মত খেলতে নামা শেখ রাসেলের বদলী গোলরক্ষক মশিয়ুর মাঠে নেমেই ব্রাদার্সের আক্রমনের নীচে চাপা পড়েন। আর তা থেকেই দুই গোল করে শেখ রাসেলের পয়েন্টে ভাগ বসায় ব্রাদার্স। মশিয়ুরের ভুলেই দুই গোল হজম করে শেখ রাসেল।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশুন্যভাবে। ৬০ মিনিটে মাজিদের ক্রস থেকে বল পেয়ে শেখ রাসেলকে এগিয়ে দেন তানভীর। দ্বিতীয় গোলটি আসে মাজিদের পা থেকে। ৭৭ মিনিটে মাঝমাঠের বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে উপরে উঠে যান মাজিদ। ব্রাদার্সের গোলরক্ষক তারেককে কোন সুযোগ না দিয়ে বল জালে ঠেলে দেন মাজিদ।
এর তিনি মিনিট পরই ব্রাদার্সের একাধিক আক্রমন ঠেকিয়ে দেয়া শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব লালকার্ড পেয়ে মাঠ ছাড়লে বিপদে পড়ে যায় রানার্স আপরা। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন চলে যেতে থাকে চ্যাম্পিয়নদের হাতে।
৮৬ মিনিটে ব্রাদার্সের তরুন স্ট্রাইকার এমিলি দৃষ্টিনন্দন একটি সাইডভলির মাধ্যমে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। ৯০ মিনিটে তপুর একটি হেড গোলে ঢোকার মুখে শেখ রাসেল অধিনায়ক হাত দিয়ে আটকে দিলে রেফারী পেনাল্টিতো দেনই সাথে সাথে শেখ রাসেল অধিনায়ককে লাল কার্ডও দেখান। ব্রাদার্স অধিনায়ক সুজন পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান।
