২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-ব্রাদার্স ম্যাচ দিয়ে বুধবার আবার শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল

তিনদিন বিরতির পর বুধবার আবাহনী লিমিটেড ও চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের মধ্য দিয়ে আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। টানা বর্ষনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি পিছিয়ে বুধবার নিয়ে যাওয়া হয়েছে। বিকেল পাঁচটায় খেলা শুরু হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

দুই দলই তাদের আগের লড়াইয়ে বড় বাধা অতিক্রম করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। ব্রাদার্স সাত খেলায় ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের পেছনেই অবস্থান করছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড।

চলতি মৌসুমে এটা হবে দুই দলের মধ্যে তৃতীয় দফা লড়াই। আগের দ’ুটি সাক্ষাতের যে চিত্র তাতে করে জয়ের পাল্লাটা চ্যাম্পিয়নদের দিকেই ঝুঁকে রয়েছে। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ ফুটবলের দু’টি ম্যাচেই জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

আরামবাগের বিরুদ্ধে হার এবং মোহামেডানের সাথে ড্র করে পিছিয়ে পড়া ব্রাদার্স লিগ শিরোপার আরেক দাবিদার মুক্তিযোদ্ধা সংসদকে ৩ - ১ গোলে উড়িয়ে দিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে।

বিপরীতে জনপ্রিয় আবাহনী লিমিটেডও তাদের আগের ম্যাচে গতবারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২ - ০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে বেশভালোভাবেই ফিরে এসেছে।

দু’টি দলই তাদের বর্তমান পারফরম্যান্স ধরে রেখে জয় দিয়েই লিগের প্রথম পর্ব শেষ করতে আগ্রহী। স্বাভাবতই বুধবারের ম্যাচেও জয় চাইছে দু’টি দল। আর ম্যাচটি যে চমৎকার হবে সেটা দুই দলেরই বিশ্বাস।

চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের প্রবীন কোচ ওয়াজেদ গাজী মনে করেন পয়েন্ট টেবিলে পিছিয়ে থেকে লিগের দ্বিতীয় পর্বে এসে শীর্ষ দলের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে নিয়ে আসা কঠিন একটি কাজ। গাজী বলেন, ‘ব্যবধান কমানোর জন্য আবাহনীর বিরুদ্ধে আমাদের জয় ছাড়া কোন বিকল্প নেই।’

সাবেক এই জাতীয় ফুটবলার জানান, ‘ আবাহনী ভালো খেলেই শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে এবং আমাদের বিরুদ্ধে পুরো শক্তি নিয়েই তারা মাঠে নামবে। সুতরাং ম্যাচটি যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে সেটা বলাই যায়।’

লড়াই জমজমাট হলেও ব্রাদার্স ইউনিয়ন মাসল পুলের কারণে লেফট স্টপার মাসুদ রানাকে এবং জ্বরে পড়ে থাকা স্ট্রাইকার খোকনকে এই ম্যাচে পাচ্ছেনা। তবে ইনজুরি থেকে সেরে উঠা তাদের মোরক্কান মিডফিল্ডার হিশাম ইনানী আবাহনীর বিরুদ্ধে খেলতে পারেন বলে জানালেন কোচ ওয়াজেদ গাজী।

অন্যদিকে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপুও ব্রাদার্সের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারছেন না।

রূপু জানান, ‘ব্রাদার্সের বিরুদ্ধে জয়ের জন্য দলের খেলোয়াড়রা মুখিয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘শেখ রাসেলের বিরুদ্ধে দল যেভাবে খেলেছে সেরকম অল আউট খেলেই আবাহনী  লক্ষ অর্জন করবে।’ আর এ লক্ষ্যেই ম্যাচের শুরুতে প্রাপ্ত সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য দলের খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন রূপু।

দলের অধিনায়ক আরিফ খান জয় ও ঘানার স্ট্রাইকার মোহাম্মদ আউদু ইব্রাহিম এক ম্যাচ সাসপেনশন কাটিয়ে দলে ফিরেছেন, দলে ফিরেছেন নিয়মিত গোলরক্ষক নিজাম মজুমদারও। সুতরাং বুধবার পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে ধানমন্ডির দলটি।