আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে কনফেডারেশন কাপ শিরোপা ব্রাজিলের ঘরে
কনফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করেছে ব্রাজিল। পুরো খেলায় বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল ছন্দের কাছে একেবারেই পাত্তা পায়নি আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকে ব্রাজিলের আক্রমনাত্মক আর ফুটবল ছন্দে খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনা। ১১ মিনিট ও ৬৩ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো চমৎকার দুটি হেডের মাধ্যমে আর্জেন্টিার গোলকিপার লুক্সকে বোকা বানিয়ে টূর্নামেন্টের সেরা গোলদাতা হিসেবে নাম লেখান। তিনি টূর্নামেন্টে মোট ৫টি গোল করেন।
আরেক ব্রাজিলিয়ান কাকাও জ্বলে ওঠেন ঠিক সময়মত। মাত্র ১৬ মিনিটের মাথায় ডিবক্সের বাইরে থেকে নেয়া কাকার কামান দাগা শট ঠেকানোর সাধ্য আর্জেন্টাইন গোলকিপারের ছিল না। আদ্রিয়ানো, কাকারা যখন গোল পাচ্ছিলেন তখন আর রোনালদিনহো বসে থাকবেন কেন। তিনিও পিছিয়ে থাকেননি, আজেন্টাইন ডিফেন্ডারদের ফাঁদে ফেলে তিনিও গোলের চমৎকার একটি গোল করে ব্রজিল শিবিরকে খুশির বন্যায় ভাসান।
ব্রাজিলের গোলের সংখ্যা আরও বাড়তে পারত। ৫৮ মিনিটে রবিনহোর নেয়া শট ক্রসবারে লেগে ফিরে আসার পর কয়েক সেন্টিমিটারের মধ্যে আদ্রিয়ানো থাকলেও বলে পা ছোঁয়াতে পারেননি।
আর্জেন্টিনা যখন তিন গোল হজম করে বিধ্বস্ত তখন পাবলো আইমারকে মাঠে নামানো ছাড়া আর কোনও বিকল্প খুঁজে পাচ্ছিলেন না আর্জেন্টাইন কোচ। আইমারও কোচের মর্যাদা রাখেন। ম্যাচে আর্জেন্টিার একমাত্র সাফল্য আসে আইমারের ডাইভিং হেড থেকে।
