দুই অধিনায়কের দৃষ্টি এখন ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালের দিকে
এজাবাস্টনে মঙ্গলবার ন্যাটওয়েস্ট সিরিজের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ার পর দুই অধিনায়কেরই দৃষ্টি এখন সিরিজের ফাইনাল ম্যাচের দিকে।
এজবাস্টন ম্যাচে অস্ট্রেলিয়ার নয় উইকেটে ২৬১ রানের জবাবে ইংল্যান্ড ছয় ওভার খেলার পরই বৃষ্টি এসে আঘাত হানে।
ম্যাচে অস্ট্রেলিয়াকে কম রানের মধ্যে বেঁধে ফেলায় খুশিই হয়েছেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ম্যাচের পর ভন বলেন, আগের কয়েকটি ম্যাচ অপেক্ষা আমরা এই ম্যাচে মাঠে ভোলো খেলেছি, যা ফাইনালের জন্য একটি ভালো লক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংও শনিবার একটি চমৎকার ফাইনাল হবে বলে আশা করছেন।
মাইকলে ভন বলেন, ‘ আমরা পরিকল্পনা মাফিক খেলেছি। একটা সময় মনে হচ্ছিল আমরা অস্ট্রেলিয়াকে ২৪০ রানের মধ্যে আটকে ফেলতে পারব। কিন্তু শেষের দিকে আবার মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ২৮০ করে ফেলবে। যাই হোক ২৬০ রান ঠিকই আছে।’
ভন জানান, ‘লর্ডসে কোন ক্রিকেট ম্যাচ খেলা সত্যিকার অর্থেই দারুন ব্যাপার, কিন্তু তার চাইতে দারুন ব্যাপার হলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল। দুই দলই গত দুই সপ্তাহে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে, ফাইনাল ম্যাচটিও সেরকমই হওয়া উচিত।’
অসি দলনায়ক পন্টিংও মনে করেন ৪০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৫ রানের পর ২৬১ রান সম্মানজনক স্কোর।
পন্টিং বলেন, মনে হচ্ছিল আমাদের অন্তত ২০ রান কম হয়েছে, কিন্তু তারপরও স্কোর সম্মানজনক ছিল। তাছাড়া পিচ ছিল স্লো, এই পিচে রান করা কঠিন। আবার দলের গুরুত্বপূর্ন সময়ে দ্রুত উইকেট হারানোর ফলে রানরেটও কমে গিয়েছিল। তারপরও ম্যাচটি জমজমাট হতো বলে মনে করেন পন্টিং।
