পিটার ওদাফের গোলে ফরাশগঞ্জকে হারালো মোহামেডান
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাব পিটার ওদাফের করা একমাত্র গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে।
সাত ম্যাচের পাঁচটিতে জিতে মোহামেডানের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন।
নিয়মিত স্ট্রাইকার আলফাজ, ডোনাল্ড ও রনি ইনজুরিতে থাকায় ম্যাচের দ্বিতীয়ার্ধে নবাগতদের বিরুদ্ধে বেশ ভুগতে হয়েছে মোহামেডানকে। তবে চার ডিফেন্ডার নজরুল, কামাল, পিটার ও মিন্টুর দৃঢ়তায় ফরাশগঞ্জ গোল করতে ব্যর্থ হলে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সাদাকালো শিবির।
লিগের উদ্বোধনী ম্যাচে গতবারের রানার্স আপ শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে আপসেট ঘটানো ফরাশগঞ্জ মোহামেডানকেও চেপে ধরেছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে প্রচন্ড চাপ সৃষ্টি করে খেলে পুরনো ঢাকার দলটি। কিন্তু হলে কি হবে, তাদের কোন আক্রমনই মোহামেডানের রক্ষণবুহ্যে ফাটল ধরাতে পারেনি।
১৩ মিনিটে জয়সূচক গোলটি করেন পিটার ওদাফ। ৩০ গজ দুর থেকে নেয়া ওদাফের ফ্রিকিকটি ফরাশগঞ্জের গোলরক্ষক জিয়াকে সাক্ষীগোপাল বানিয়ে জালে ঢুকে যায়। তবে অন্তত দু’বার দলকে কর্নারের বিনিময়ে বাঁচিয়েছেন জিয়া। ২৮ মিনিটে আজাদের বাঁ পায়ের দুরপাল্লার একটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন জিয়া। দ্বিতীয়ার্ধের চার মিনিটে মোহামেডানের রাইট উইংগার কায়সার ফাঁকা গোলপোস্টে বল ঠেলতে ব্যর্থ হন।
এক গোলে এগিয়ে যাওয়ার পর বাঁ দিক দিয়ে ফরাশগঞ্জের আক্রমনের ঢেউ দেখে মোহামেডান কোচ জোসি কায়সারকে উঠিয়ে মিন্টুকে মাঠে ঠেলে দেন। স্টপার কামাল প্রান্ত বদল করে ডান প্রান্তে চলে যান ফরাশগঞ্জের স্ট্রাইকার ফেলিক্সকে ঠেকানোর জন্য। এরপর ফরাশগঞ্জ সাতটি কর্নার আদায় করে নিলেও একটিও কাজে লাগাতে পারেনি। শেষপর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ফরাশগঞ্জকে।
