মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে ব্রাদার্স
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতল চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার পিছিয়ে পড়েও ৩-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে তারা।
সাত ম্যাচের পাঁচটিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছে গোপীবাগের দলটি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৩ তেই স্থির রয়েছে।
ম্যাচের প্রথমার্ধে আরমান মিয়ার একটি অপ্রত্যাশিত গোলে মুক্তিযোদ্ধা এগিয়ে থাকলেও পরে বদলি স্ট্রাইকার তপু একটি এবং তরুন স্ট্রাইকার এমিলি দু’টি গোল করলে হাসি মুখে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।
গোলের খেলায় গোল হয়েছে ঠিকই কিন্তু দু’দল যে খেলা প্রদর্শন করেছে তাকে কোন মতেই গোছানো ফুটবল বলা যায় না। এই অগোছালো অবস্থার মধ্যেই প্রথমার্ধের ৩৩ মিনিটে মিডফিল্ডার আরমান মিয়ার একটি আচমকা গোলে এগিয়ে মুক্তিযোদ্ধা। প্রায় ৩০ গজ দুর থেকে নেয়া আরমানের দুর্বল শটটি ব্রাদার্সের গোলরক্ষক তারেককে বোকা বানিয়ে জালে জড়িয়ে যায় (১-০)।
নিজেরা গোল পাওয়ার আগে ১৯ মিনিটে অবশ্য ব্রাদার্সের এডোয়ার্ড ভিক্টরের একটি আক্রমন থেকে বেঁচে যায় মুক্তিযোদ্ধা। ভিক্টরকে কড়া পাহারায় রেখেছিলেন মুক্তির দু’জন ফুটবলার। তাদেরকে একরকম ছিটকে ফেলে আগুয়ান গোলরক্ষক আমিনুলের মাথার উপর দিয়ে ফাঁকা গোলপোস্টের দিকে বল উড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বলের গন্তব্য ছিল মাঠের বাইরে।
এরপর ২৫ গজ দুর থেকে নেয়া ভিক্টরের একটি ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন দেশসেরা গোলরক্ষক আমিনুল।
দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার লিটন নামার পর পুরো মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাদার্স। ৬৪ মিনিটেই সমতাসূচক গোলের দেখা পায় ব্রাদার্স ইউনিয়ন। ডান দিক থেকে লিটনের নীচু একটি ক্রস করা বল পেয়ে গোল করেন বদলি স্ট্রাইকার তপু (১-১)।
৭১ মিনিটে আবার এগিয়ে যায় ব্রাদার্স। এবারও লিটন ম্যাজিক। তার কর্নার করা বলে ক্রস করেন স্টপার সিরাজি, আর তা থেকে চমৎকার হেডে গোল করে দলকে এগিয়ে দেন এমিলি (২-১)।
এমিলি ৮৪ মিনিটে দুরপাল্লার আরেকটি শটে পরাস্ত করেন গোলরক্ষক আমিনুলকে। আমিনুল বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বল ঠেকানোর চেষ্টা করলেও বল তাকে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায় (৩-১)। খেলায় ব্রাদার্স ইউনিয়নের সুজন এবং মুক্তিযোদ্ধা সংসদের হ্যারি, আরমান, ইকবাল ও আমিন রানা হলুদ কার্ড পায়।
ব্রাদার্স ইউনিয়ন: তারেক, সিরাজি, পারভেজ বাবু, সুজন, জুয়েল রানা, মন্টু (লিটন), খোকন (তপু), আবুল (মনোয়ার), প্রাণতোষ, এডোয়ার্ড ও এমিলি।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র: আমিনুল, টিটু, রজনী, হ্যারি, বেলাল, সাইফ, বিদ্যুৎ, আরমান, ইকবাল, পাপ্পু (আমিন রানা) ও পল (রনি)।
