২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিরুদ্ধে ফুটবল লিগ কমিটির ষড়যন্ত্রের অভিযোগ

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা লড়াই থেকে সরিয়ে দেয়ার জন্য রোববার ফুটবল লিগ কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা সংসদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তারা বলেন, ‘ মাঠে ও মাঠের বাইরে লিগ কমিটির একশ্রেনীর কর্মকর্তা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

মুক্তিযোদ্ধা সংসদের দুই খেলোয়াড়-হাসান আল মামুন ও জেরিমিয়াহ’র বিরুদ্ধে ফুটবল লিগ কমিটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার কোচ এবং সাবেক জাতীয় ফুটবলার শফিকুল ইসলাম মানিক বলেন, ‘মৌসুমের প্রথম দু’টি টুর্নামেন্ট-স্বাধীনতা কাপ এবং ফেডারেশন কাপ ফুটবলের পর চলমান সিনিয়র ডিভিশন লিগেও আমাদের পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু কিছু লোক শিরোপা প্রত্যাশী অন্যদলগুলোকে সুবিধা করে দেয়ার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার কর্মকর্তারা বড় ম্যাচ পরিচালনায় ব্যর্থ কয়েকজন রেফারীর তীব্র সমালোচনা করেন। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে মুক্তিযোদ্ধার ম্যাচের সময় নিরপেক্ষ রেফারী দেয়ার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্লাবের ম্যানেজার আব্দুস সাত্তার, অধিনায়ক আমিনুল ইসলাম, খেলোয়াড় রজনীকান্ত বর্মন, হাসান আল মামুন ও নাইজেরিয়ান খেলোয়াড় জেরিমিয়াহ।

স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ রানার্স আপ মুক্তিযোদ্ধা সংসদ চলতি সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়ন ও ফরাশগঞ্জের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ ও মোহামেডানের মধ্যেকার ম্যাচটির ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, অফসাইড থেকে মোহামেডান প্রথম গোলটি করে, আর মুক্তিযোদ্ধার যে গোলটি বাতিল করা হয় সেটা মোহামেডানের খেলোয়াড়ের মাথায় লেগে জালে প্রবেশ করে।

কোচ মানিক বলেন, ‘ আগের ম্যাচগুলোতে দেখা গেছে বেশ কয়েকজন রেফারী বড় ম্যাচ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং তারা বাইরের চাপ থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি। ফলে বিশরভাগ সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে।’